ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সমালোচনায় বিল ক্লিনটন

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তার মতে, যথাযথ পরিকল্পনা ছাড়াই এই সামরিক অভিযান শুরু করা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামে, বেড়েছে পেট্রলের দাম।

ক্লিনটন বলেন, কোনো যুদ্ধ শুরু করার আগে কীভাবে সেই লড়াই শেষ হবে, তার সুস্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি। একই সঙ্গে যুদ্ধের কারণে যেন আরও প্রাণহানি না ঘটে, তা নিশ্চিত করার ব্যবস্থাও আগে থেকে বিবেচনায় নিতে হবে। এসব বিষয় নিশ্চিত না করে সামরিক সংঘাতে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর পেট্রলের দাম বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে ক্লিনটন বলেন, এই মূল্যবৃদ্ধি অপরিকল্পিত সামরিক অভিযানের সরাসরি পরিণতি। তার বক্তব্যে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি এর পরিকল্পনা ও পরিণতি নিয়েও প্রশ্ন উঠে এসেছে।

এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণে নেওয়া বিভিন্ন প্রকল্পের সমালোচনা করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। সূত্র: ডন

এএস
আরও পড়ুন