তেলের উৎপাদন বাড়াতে চায় ইরাক। রপ্তানির সীমা বাড়ানোর জন্য এরই মধ্যে ওপেকের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দেশটির তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদাইর এ কথা জানিয়েছেন।
ইরাকি সংবাদ সংস্থা আইএনএকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী স্পষ্ট করেন, দেশের উৎপাদন সক্ষমতা আর রপ্তানি সক্ষমতা এক জিনিস নয়। তাঁর ভাষ্য, ওপেক যে রপ্তানি সীমা নির্ধারণ করে দিয়েছে, ইরাক তা মেনেই চলছে।
তবে সেই সীমা বাড়ানোর দাবি তুলেছে বাগদাদ। মন্ত্রী বলেন, ওপেকের সঙ্গে সংলাপ চলছে। ইরাকের বিশেষ পরিস্থিতি এবং গত পাঁচ দশকে দেশটি যেসব সংকটের মুখে পড়েছে, তা বিবেচনায় নিয়েই এই দাবি জানানো হচ্ছে বলে তিনি জানান।
খুদাইরের যুক্তি সোজা। অবকাঠামো গড়তে হবে, সরকারের নানা পরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে। এ জন্য প্রয়োজন অর্থ, আর সেই অর্থের জোগান আসে তেলের আয় থেকে। ‘উৎপাদনের হার বাড়ানোর অধিকার ইরাকের আছে,’ বলেন তিনি।
ওপেকভুক্ত দেশগুলোর জন্য যে উৎপাদন সীমা ঠিক করা হয়েছে, ইরাক সেটিও মেনে চলছে বলে জানান মন্ত্রী। ওই কাঠামোয় দেশটির জন্য নির্ধারিত দৈনিক উৎপাদনের পরিমাণ ৪৪ লাখ ৩১ হাজার ব্যারেল।
সূত্র: ইরাকি নিউজ এজেন্সির