ইরাকের পবিত্র কারবালা প্রদেশে ২০২৬ সালের আরবাইন পালন করতে আসা ধর্মীয় তীর্থযাত্রীদের ওপর হামলার পরিকল্পনার দায়ে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট এক জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। চলতি বছরের আরবাইন উপলক্ষে এ হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
ইরাকি নিউজ এজেন্সির (আইএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, কারবালা ফৌজদারি আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে এ রায় দেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আইএসের মতাদর্শ প্রচার করতেন। পাশাপাশি কারবালা প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বিস্ফোরক তৈরির পদ্ধতি এবং চালকবিহীন আকাশযান নির্মাণের নির্দেশনাসংবলিত প্রচারপত্রও ছড়িয়ে দেন।
বিবৃতিতে আরও বলা হয়, ইমাম হোসাইনের (আ.) শাহাদাতের ৪০তম দিন উপলক্ষে পালিত আরবাইনে অংশ নিতে আসা তীর্থযাত্রীদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিলেন ওই জঙ্গি। শিয়া মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত এই আয়োজনে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ কারবালায় সমবেত হন।
ইরাকের ২০০৫ সালের সন্ত্রাসবাদবিরোধী আইন ১৩-এর ৪ নম্বর ধারার প্রথম অনুচ্ছেদ এবং একই আইনের ২ নম্বর ধারার ১, ২, ৩ ও ৭ নম্বর অনুচ্ছেদের আওতায় এ রায় দেওয়া হয়েছে। পাশাপাশি দেশটির দণ্ডবিধির ১৩২ নম্বর ধারার দ্বিতীয় অনুচ্ছেদও প্রয়োগ করা হয়েছে বলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানিয়েছে। সূত্র: ইরাকি নিউজ এজেন্সি
দুর্নীতিবিরোধী সরকারি উদ্যোগে সমর্থনের আহ্বান আল-হাকিম ও আল-জাইদির
জাতীয় সম্পদ কাজে লাগিয়ে ইরাকের অর্থনীতি শক্তিশালী করার তাগিদ