‘লড়াই কেবল শুরু’, মার্কিন সেনাদের উদ্দেশে হেগসেথের বার্তা

মার্কিন সেনাদের ‘লড়াই চালিয়ে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। এক ভিডিও বার্তায় তিনি সেনাসদস্যদের রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা উপেক্ষা করে দায়িত্ব পালনে অবিচল থাকার নির্দেশ দেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা কেবল লড়াই শুরু করেছি।’

ভিডিও বার্তায় হেগসেথ বলেন, ‘সেনাসদস্যরা, দ্বিধা করবেন না। চারপাশের শোরগোল উপেক্ষা করুন। কখনো পিছপা হবেন না। এসবই রাজনীতি। আপনারা বাস্তবে কাজ করেন। তাই নিজেদের অবস্থানে অটল থাকুন।’

ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমরা যা শুরু করেছি, তা শেষ করতে আগের চেয়ে বেশি দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের সংকল্প এখন আরও শক্ত।’

হেগসেথ বলেন, ‘আমরা দাঁড়িয়ে থাকব, লড়াই করব এবং বিদেশি ও অভ্যন্তরীণ—সব শত্রুর হাত থেকে এই প্রজাতন্ত্রকে রক্ষা করব।’

হেগসেথের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্প ব্যক্তিগতভাবে তাঁকে দায়িত্বে রাখবেন কি না, সে বিষয়ে পরামর্শ চেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পুনরায় উত্থাপনের পরিকল্পনা করছেন। এর আগে তাঁর বিরুদ্ধে অভিশংসন উদ্যোগের খবরও রাজনৈতিক আলোচনায় আসে।

তবে সেনাদের উদ্দেশে দেওয়া বার্তায় হেগসেথ এসব রাজনৈতিক চাপ বা বিতর্কের সরাসরি জবাব দেননি। বরং সেনাসদস্যদের দায়িত্ব পালনে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন।