নির্বাচনের আগে নেতানিয়াহুর ষড়যন্ত্র বানচাল করলেন ট্রাম্প

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

ইসরায়েলি নির্বাচন সামনে রেখে ইরানের বিরুদ্ধে একটি বিশেষ সামরিক অভিযান চালাতে চেয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি চ্যানেল ১২ নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, মোসাদ প্রধান রোমান গফম্যানকে সঙ্গে নিয়ে এই গোপন পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু। তবে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন।

তাদের আশঙ্কা ছিল, এই ধরনের উসকানিমূলক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ডেকে আনতে পারে। পাশাপাশি নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানও অনিশ্চিত হয়ে পড়তে পারত।

পরিকল্পনাটি গোপনে এগিয়ে নেওয়া হলেও এক নিরাপত্তা কর্মকর্তার ভুলে তথ্য চলে যায় মার্কিন প্রশাসনের হাতে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত হস্তক্ষেপ করে ওয়াশিংটন এবং পরিকল্পনাটি পুরোপুরি ভণ্ডুল করে দেয়।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রতিবেদন সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, নির্বাচনের আগে এমন কোনো হামলার এজেন্ডাই সরকারের ছিল না।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। নেতানিয়াহুর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা সত্ত্বেও ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টায় অটল রয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরাইল 

এইচএন
আরও পড়ুন