প্রায় ১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব

গেল এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশটিতে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা রেকর্ড করা হয়েছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এসবের মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন আইনসংক্রান্ত, ৩ হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইন ভঙ্গের ঘটনা।

এসপিএ-র তথ্য অনুযায়ী, অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে এবং অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে সীমান্ত কর্তৃপক্ষ।

এ ছাড়া আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কাজে নিয়োজিত করার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে দেশটিতে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। আইন লঙ্ঘনের দায়ে আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া ৯ হাজার ১৩৯ জনকে দ্রুত দেশত্যাগের পরামর্শ দেয়া হয়েছে এবং ৯ হাজার ৫৮৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কোনও ব্যক্তি সৌদি আরবে অবৈধ প্রবেশে সহায়তা করলে, দেশের ভেতরে পরিবহন করলে কিংবা আশ্রয়, সহযোগিতা বা অন্যান্য সেবা প্রদান করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

পাশাপাশি, আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দিতে ব্যবহৃত সম্পত্তিও বাজোপ্ত করা হতে পারে।

খবর: গালফ নিউজ