সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের ভাষ্য অনুযায়ী, সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। পরে রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে দুটি রাজধানী রিয়াদের দিকে ছোড়া হয়েছিল।
এর আগে তিনি সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের তথ্য জানান। পরবর্তী এক বিবৃতিতে জোট জানায়, রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত হুথিদের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের সংঘাতের প্রেক্ষাপটে নতুন এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলো। তবে হামলায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, সে বিষয়ে দেওয়া তথ্যে বিস্তারিত জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রকে আরও কঠোর আঘাতের হুঁশিয়ারি আইআরজিসির
পাঁচ দিন আটক থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শেহাদেহ