যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসার আগে স্পষ্ট শর্ত বেঁধে দিল তেহরান। ইউরেনিয়াম হস্তান্তর হবে না। ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় পরিদর্শনও নয়।
সোমবার (৯ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবারও জানান, আলোচনা শুরুর আগে ওয়াশিংটনকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। নৌ অবরোধ শেষ করতে হবে। অর্থনৈতিক চাপও বন্ধ করতে হবে। মুখপাত্র এ-ও জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকেরা কয়েক দিন আগে বুশেহর পারমাণবিক কেন্দ্র ঘুরে গেছেন। ভিয়েনায় সংস্থাটির সঙ্গে ইরানের মিশনের নিয়মিত পেশাদার যোগাযোগও আছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, দেশের ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটাতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা। তাঁর মতে, মর্যাদা বজায় রেখে আলোচনা হলে চুক্তিতে পৌঁছানো সম্ভব।
এদিকে হরমুজ প্রণালিতে মাইন অপসারণের খবর অস্বীকার করেছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র। তাঁর দাবি, সেখান থেকে কোনো মাইন সরানো হয়নি।
যুক্তরাষ্ট্রের সুর অবশ্য ভিন্ন। ফ্রান্সে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে পৌঁছে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা এখনো ফল দেয়নি। কারণ, তেহরানের দাবিগুলো অগ্রহণযোগ্য ও অবাস্তব।
তবে সংঘাতের আশঙ্কা কিছুটা কমার ইঙ্গিতও মিলেছে। সিএনএনের বরাতে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্প রোববার ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আলোচনা এগোতে থাকলে ইরানে নতুন হামলার আদেশ দেওয়ার সম্ভাবনা ‘খুবই কম’।
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়্যিপ এরদোয়ান জানান, ইরানের ওপর নতুন করে হামলা হোক, তা তাঁর দেশ চায় না। সাম্প্রতিক এক ফোনালাপে ট্রাম্পকে তিনি নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন।
দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। ইরান চায় আগে চাপ কমুক, তারপর আলোচনা। যুক্তরাষ্ট্র বলছে, তেহরানের দাবি মানার মতো নয়। এই টানাপোড়েনের মধ্যে কূটনীতির পথ কতটা খোলা থাকে, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল