হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার পরও অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে তেহরান। কেশম ও বন্দর আব্বাসে দফায় দফায় বিকট বিস্ফোরণের পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।
সোমবার (৯ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় আবাসিক ও বাণিজ্যিক এলাকা বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে ইরানের এক প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন।
আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর আহমদ নাফিসি জানান, হামলার স্থানগুলো আবাসিক এলাকা, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসেবামূলক স্থাপনা থেকে দূরে ছিল। নাফিসি বলেন, হামলার লক্ষ্যবস্তুগুলো আবাসিক ও বাণিজ্যিক এলাকা এবং জনসেবামূলক অবকাঠামোর বাইরে ছিল। দ্বীপটির গুরুত্বপূর্ণ অবকাঠামো বা জরুরি পরিষেবার কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, কেশম দ্বীপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে জরুরি সেবাদানকারী সংস্থা, জনসেবামূলক পরিষেবা ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কোন কোন স্থাপনায় হামলা হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাস এবং পাশের কেশম দ্বীপে কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে স্থানীয় সূত্রের বরাতে ফার্স জানিয়েছিল, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিয়ম লঙ্ঘনের সন্দেহে কয়েকটি জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়ে থাকতে পারে। সেই গুলির কারণেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ধারণা করা হয়েছিল। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেনি ইরানি কর্তৃপক্ষ।
কেশম দ্বীপটি হরমুজ প্রণালির প্রবেশমুখে বন্দর আব্বাসের কাছেই অবস্থিত। ইরানে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হতো। ওয়াশিংটন ও তেহরানের এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ঘটনাটি ঘটলো, যখন হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও স্বাধীনভাবে জাহাজ চলাচল নিয়ে দুদেশের মধ্যে চরম স্নায়ুযুদ্ধ চলছে। সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত থাকলেও দুই পরাশক্তির মধ্যকার চাপা উত্তেজনা এখনো কমেনি।
ক্যানসার আক্রান্ত জো বাইডেন কেমন আছেন?
‘যুক্তরাষ্ট্র কথা রাখেনি’, শান্তি প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই: বাঘাই
ইসরায়েলের জন্য মার্কিন সামরিক সহায়তা এখনই বন্ধ হচ্ছে না