যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে নিজেদের দেওয়া সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। এসব শর্ত মেনে নেওয়ার পরই আলোচনার ধরন ও আলোচ্যসূচি নির্ধারণ করবে তেহরান। দেশটির বাসিজ সংস্থার প্রধান হোসেইন তাইয়েব বলেছেন, শর্ত বাস্তবায়নই এখন ইরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বিভাগের শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তাইয়েব বলেন, সাতটি শর্ত পূরণে এক ঘণ্টা লাগল, নাকি এক সপ্তাহ-সেটি ইরানের কাছে বড় বিষয় নয়। শর্তগুলো পূরণ করাই মূল বিবেচ্য।
যুক্তরাষ্ট্রের সময়সীমা নির্ধারণের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমেরিকানরা প্রথমে সাত দিনের সময়সীমার কথা বলেছিল। পরে তা কমিয়ে দুই দিনে নিয়ে আসে। কিন্তু এতে আমাদের কিছু যায় আসে না। ইসলামি প্রজাতন্ত্র ইরানের নির্ধারিত শর্তগুলো পূরণ করাই আসল বিষয়। এরপর ইরান সিদ্ধান্ত নেবে, কীভাবে এবং কোন কোন বিষয়ে আলোচনা হবে।’
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ১২ দিন এবং ৪০ দিনের যুদ্ধের অভিজ্ঞতা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রতিপক্ষের আগের হিসাব-নিকাশ বদলে দিয়েছে বলে দাবি করেন বাসিজপ্রধান। তাঁর বক্তব্য, এই দুই সংঘাতের ঘটনাপ্রবাহ ইরানের সামরিক শক্তি সম্পর্কে প্রতিপক্ষের মূল্যায়নে বড় পরিবর্তন এনেছে।
হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বের কথাও তুলে ধরেন হোসেইন তাইয়েব। তাঁর মতে, নতুন শক্তির ভারসাম্য নির্ধারণে এই নৌপথ এখন অন্যতম প্রধান নিয়ামক। এর জবাবে প্রতিপক্ষ হরমুজ প্রণালিতে অবরোধ আরোপের সম্ভাবনার কথা সামনে এনেছে বলেও উল্লেখ করেন তিনি।
তাইয়েব বলেন, বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে কারা কতটা চাপ সহ্য করতে পারে এবং সংঘাত চালিয়ে যাওয়ার মতো প্রস্তুতি কার কতটা রয়েছে।