পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইরান মধ্যপ্রাচ্যসহ যুক্তরাষ্ট্রকেও জিম্মি করে রাখতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি তেহরানের ধর্মীয় নেতৃত্বকে সম্প্রসারণবাদী হিসেবে আখ্যায়িত করে তাদের ‘ঐতিহাসিকভাবে ভয়ংকর হুমকি’ বলে বর্ণনা করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রুবিও।
তিনি বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে যুক্তরাষ্ট্রের প্রতি দেশটির আচরণ কেমন হতে পারে, তা কল্পনা করা উচিত। রুবিওর ভাষায়, ‘তারা যদি পারমাণবিক অস্ত্র পেত, তাহলে আমাদের সঙ্গে কী করত, তা একবার কল্পনা করুন।’
ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বড় বড় সংঘাত উসকে দেওয়ার অভিযোগও করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, তেহরানের নেতৃত্বের সম্প্রসারণবাদী নীতি পুরো অঞ্চলের জন্য হুমকি তৈরি করছে।
এ ছাড়া ইরানে জানুয়ারির বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী অভিযানের অভিযোগ তুলে ধরেন রুবিও। তিনি বলেন, বিক্ষোভকারীদের রাস্তায় হত্যা করা হয়েছে। এমনকি আহত বিক্ষোভকারী ও চিকিৎসাকর্মীদের হাসপাতালেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রুবিওর এসব বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে দেশটির ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান বিরোধ অব্যাহত রয়েছে।