ইরানে অবিলম্বে সামরিক হামলা চালানোর পক্ষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তি গ্রহণ করেননি বিরোধী রাজনৈতিক নেতা গাদি আইজেনকট। একই সঙ্গে তাৎক্ষণিক হামলার বিরোধিতা করছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরও।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে নিরাপত্তাবিষয়ক ব্রিফিংয়ে মোসাদপ্রধান রোমান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আইজেনকটকে জানানো হয়নি।
চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, ওই ব্রিফিংয়ে নেতানিয়াহু আইজেনকটকে ইরানে অবিলম্বে হামলার প্রয়োজনীয়তা সম্পর্কে রাজি করাতে পারেননি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে আইজেনকট লেখেন, ইসরায়েলের নিরাপত্তাকে রাজনৈতিক ফায়দা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার ঠেকাতে সরকারের ওপর কঠোর নজরদারি প্রয়োজন।
অন্যদিকে, চ্যানেল ১২-এর আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে তাৎক্ষণিক হামলার প্রশ্নে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একমাত্র বিরোধিতাকারী সেনাপ্রধান ইয়াল জামির।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু, মোসাদপ্রধান গোফম্যান, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি, জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান শমুয়েল বেন এজরা এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার হামলার পক্ষে অবস্থান নিয়েছেন।
জামির ইরানকে বিশ্বাসযোগ্য হুমকি মনে করলেও তাঁর মতে, এখনই হামলা চালানোর মতো জরুরি পরিস্থিতি তৈরি হয়নি। এমন হামলায় গত মাসের নেসেট নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলেও তিনি মনে করছেন।
তবে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরানে সামরিক অভিযানের জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। ওই সূত্রের ভাষ্য, ‘সেনাবাহিনীর দায়িত্ব যুদ্ধের প্রস্তুতি নেওয়া। নেপথ্যে যা ঘটছে, তা সব সময় চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত দেয় না।’
জামির, জিনি, গোফম্যান ও লেইটার—চারজনই নেতানিয়াহুর নিয়োগপ্রাপ্ত। মোসাদ ও শিন বেতের প্রধান নিয়োগের সময় বিরোধীরা অভিযোগ করেছিলেন, নেতানিয়াহু গুরুত্বপূর্ণ নিরাপত্তা পদে নিজের অনুগত ব্যক্তিদের বসাচ্ছেন।