সৌদি আরবে হামলার জন্য ক্ষেপণাস্ত্র তৈরিতে এআই ব্যবহার করছে হুথিরা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম

ইরান-সমর্থিত হুথিদের হাতে এখন এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি ও সরঞ্জাম পৌঁছানোর তথ্য পাওয়া গেছে। শুধু বিদেশি অস্ত্রের ওপর নির্ভর না করে ইয়েমেনেই উন্নত ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে গোষ্ঠীটি। এমনকি অস্ত্রের নকশা ও উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের তথ্যও সামনে এসেছে।

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের আন্তসীমান্ত হামলার ইতিহাস ২০০৯ সালের ১৮ ডিসেম্বর থেকে শুরু। ওই দিন ইয়েমেনের উত্তরাঞ্চলে অবস্থানরত হুথি যোদ্ধারা সীমান্ত পেরিয়ে সৌদি আরবের ভূখণ্ডে কয়েকটি আর্টিলারি রকেট নিক্ষেপ করে। ওই হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও পরবর্তী সময়ে সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধারাবাহিকতা তৈরি হয়।

শুরুতে হুথিদের অস্ত্রভান্ডারে ছিল তুলনামূলক পুরোনো ও স্বল্পপাল্লার রকেট। কিন্তু সময়ের সঙ্গে তাদের অস্ত্রের পাল্লা, নির্ভুলতা ও ধ্বংসক্ষমতা বেড়েছে। সাম্প্রতিক কয়েক মাসের ঘটনাপ্রবাহ বলছে, সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বড় মজুত গড়ে তুলেছে গোষ্ঠীটি।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় হুথি ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর ফলে সৌদি আরবে আন্তসীমান্ত হামলাও বন্ধ ছিল। তবে ২০২৬ সালের জুলাইয়ে সেই বিরতি ভেঙে যায়। ওই মাসে সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ছোড়া কয়েকটি হুথি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এরপর ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আরও হামলা চালানো হয়। গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। পরদিন বিমানবন্দরে আরেকটি হামলায় আরও একজনের মৃত্যু হয়।

সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য নিয়মিতভাবে এসব হামলা প্রতিহত করার দাবি করছে। গত ১০ নভেম্বর ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সৌদির পূর্বাঞ্চলে একটি ড্রোন, রিয়াদ অভিমুখী দুটি ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত