কেশম দ্বীপে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে বাহিনীটি। এ নিয়ে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১৭টি এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি সামনে এলো।

ইরানের সংবাদমাধ্যম ওয়ানা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে ড্রোন ধ্বংসের তথ্য জানিয়েছে। তাদের দাবি, বাহিনীর মহাকাশ ও বিমান প্রতিরক্ষা শাখার পরিচালিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন ড্রোনটি শনাক্ত করে আঘাত হানা হয়। এতে ড্রোনটি আকাশেই ধ্বংস হয়ে যায়।

ইরানি বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তাদের অভিযানে যুক্তরাষ্ট্রের মোট ১৭টি এমকিউ-১ এবং ৫৬টি এমকিউ-৯ ড্রোন ধ্বংস হয়েছে। সব মিলিয়ে মার্কিন ড্রোন ধ্বংসের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩টিতে।

এমকিউ-১ ড্রোন মূলত গোয়েন্দা নজরদারি ও সামরিক অভিযানে ব্যবহৃত হয়। অন্যদিকে এমকিউ-৯ ড্রোনও দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি চালানোর পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।

কেশম দ্বীপ হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এই অঞ্চলের আকাশসীমায় মার্কিন ড্রোন ধ্বংসের দাবি নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা বাড়াতে পারে।

তবে ড্রোন ধ্বংসের বিষয়ে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইরানের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: ওয়ানা নিউজ