দুবাইয়ে তৈরি হচ্ছে ২৪ ক্যারেট সোনার হাঁটার পথ

পর্যটকদের আকৃষ্ট করতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটিতে তৈরি করা হচ্ছে ২৪ ক্যারেট খাঁটি সোনায় নির্মিত বিশেষ একটি হাঁটার পথ। চলতি বছরের শেষ নাগাদ এটি পর্যটকদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। আয়োজকদের দাবি, এটি হবে বিশ্বের প্রথম ও দীর্ঘতম সোনার হাঁটার পথ।

গালফ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এক মাসের মধ্যে আকর্ষণীয় এই পথটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হতে পারে। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রশিদ আল হারমুদি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই পথে হাঁটার মাধ্যমে দর্শনার্থীরা স্বর্ণের এক ব্যতিক্রমী অভিজ্ঞতা পাবেন। একই সঙ্গে প্রকল্পটি আন্তর্জাতিক স্বর্ণ ব্যবসা ও পর্যটনকেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থান আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

দুবাইয়ের দেইরা এলাকায় অবস্থিত গোল্ড ডিস্ট্রিক্ট ২০২৬ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে। স্বর্ণ, গয়না, বুলিয়ন, পাইকারি বাণিজ্য ও বিনিয়োগ—সবকিছুকে একটি কেন্দ্রে নিয়ে আসার লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে এই বাণিজ্যিক এলাকা।

দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গোল্ড ডিস্ট্রিক্টে স্বর্ণ, গয়না, সুগন্ধি, প্রসাধনী ও লাইফস্টাইল পণ্যের এক হাজারের বেশি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্বর্ণ ও জুয়েলারি বাণিজ্য প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বাড়ানো হচ্ছে অফিস ও খুচরা বিক্রয়কেন্দ্রের পরিসর।

রশিদ আল হারমুদি জানান, চলতি বছরের শুরু থেকে গোল্ড ডিস্ট্রিক্টে নতুন পাইকারি স্বর্ণ ব্যবসার অফিস চালুর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। একই সময়ে স্বর্ণ, গয়না, মূল্যবান পাথর ও বিলাসবহুল ঘড়ির নতুন দোকানের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ।

আগামী এক বছরে জেলাটিতে নতুন প্রতিষ্ঠানের সংখ্যা আরও ১০ থেকে ২০ শতাংশ বাড়বে বলে আশা করছেন তিনি। সংশ্লিষ্টদের ধারণা, ২৪ ক্যারেট সোনার হাঁটার পথ চালু হলে পর্যটকদের আকর্ষণ বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক স্বর্ণবাণিজ্যে দুবাইয়ের পরিচিতিও আরও বিস্তৃত হবে।