ফারসি কথাকে লেখায় রূপান্তরে এআই প্রযুক্তি উদ্ভাবন করলো ইরানি গবেষক

টেলিফোনে কথোপকথনের সময় ফারসি ভাষায় বলা কথা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তরের প্রযুক্তি উদ্ভাবন করেছেন ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের এক গবেষক। তাঁর দাবি, তুলনামূলক পরীক্ষায় নতুন এই প্রযুক্তি গুগলের স্পিচ রিকগনিশন ব্যবস্থাসহ আন্তর্জাতিক কয়েকটি সেবার চেয়ে ভালো ফল করেছে।

প্রযুক্তিটি তৈরি করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইন্টেলিজেন্ট সিস্টেমসের শিক্ষক ও গবেষক হাদি ভাইসি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সিকে (এমএনএ) তিনি জানান, দেশটির বিভিন্ন কল সেন্টার থেকে সংগৃহীত কয়েক হাজার ঘণ্টার বাস্তব টেলিফোন কথোপকথনের তথ্য ব্যবহার করে প্রযুক্তিটি তৈরি করা হয়েছে।

ভাইসি বলেন, ইরানের বিভিন্ন অঞ্চলের উপভাষা ও উচ্চারণের নমুনাসহ স্থানীয়ভাবে সংগৃহীত তথ্য ব্যবহারের ফলে টেলিফোনে প্রচলিত ফারসি কথাবার্তার ধরন বুঝতে প্রযুক্তিটি বেশি সক্ষম হয়েছে।

তাঁর ভাষ্য, স্থানীয় তথ্যভান্ডার ব্যবহারের কারণে ইরানের বিভিন্ন অঞ্চলে মানুষ যেভাবে স্বাভাবিকভাবে ফারসি ভাষায় কথা বলে, তা শনাক্ত করার ক্ষেত্রে প্রযুক্তিটি বিশেষ সুবিধা পাচ্ছে।

এআইভিত্তিক এই প্রযুক্তি ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে। স্মার্টফোনভিত্তিক সহকারী ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় গ্রাহকসেবা কার্যক্রমে এটি কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন গবেষক।

এ প্রযুক্তির মাধ্যমে ফারসি ভাষা, আঞ্চলিক উচ্চারণ ও স্থানীয় যোগাযোগের ধরন অনুযায়ী বুদ্ধিমান ডিজিটাল সেবা তৈরি করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নিজস্ব এআই অবকাঠামো গড়ে তোলা এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোও এর অন্যতম লক্ষ্য।