ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথি বিদ্রোহীদের একটি অস্ত্রভাণ্ডারে বিমান হামলা চালানোর দাবি করেছে।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবরুদ্ধ শহর তায়েজের দক্ষিণে নাজদ কাসিম এলাকায় অস্ত্রের গুদামটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য পেলেও সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি বাহিনী দেশটির ভেতরে এবং সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা বন্ধ করতে পারেনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত ইয়েমেনের সংঘাতে হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৫। এর মধ্যে নিহত হয়েছেন ২ হাজার ৯৮ জন এবং আহত হয়েছেন ৯ হাজার ৬৫৭ জন।