শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে প্রযুক্তিনির্ভর নজরদারিও চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানান মো. শরীফুল ইসলাম।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত