যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ওয়াশিংটনের সামরিক ও রাজনৈতিক শক্তির সীমাবদ্ধতা উন্মোচন করেছে ইরান। দেশটি প্রমাণ করেছে, যুক্তরাষ্ট্রের মোকাবিলা করার এবং ওয়াশিংটনকে জানিয়ে দেওয়ার মতো শক্তি বিশ্বের অন্য দেশেরও রয়েছে যে তারা আর একক পরাশক্তি নয়। এমন মন্তব্য করেছেন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম আমিন।
শনিবার আল-মানার টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান, লেবানন ও ইয়েমেনের সাম্প্রতিক ঘটনাবলি বিশ্বজুড়ে বিভিন্ন জাতির গতিপথ, রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনের চলমান সংঘাতকে নতুনভাবে প্রভাবিত করেছে।
আমিনের ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে গড়ে ওঠা জোটের সঙ্গে সংঘাতে ইরান ওয়াশিংটনের সামরিক ও রাজনৈতিক ক্ষমতার সীমাবদ্ধতা প্রকাশ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে হিজবুল্লাহর এই নেতা বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের হারানো শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই পথে বড় পরাজয়ের মুখে পড়েছেন।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো এমন নির্বাচন দেখা গেছে, যেখানে ইরানের ওপর হামলার বিরোধিতা ও সমর্থনের প্রশ্নটি নির্বাচনী আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল।
ইসরায়েলের প্রতি ইউরোপের অবস্থানের পরিবর্তনের কথাও তুলে ধরেন আমিন। তাঁর দাবি, প্রথমবারের মতো ইউরোপের কয়েকটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
আমিন সতর্ক করে বলেন, ফিলিস্তিন, ইরান, লেবানন ও ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত ভয়াবহ অপরাধের পরিণতি একসময় তাদের ভোগ করতে হবে।
লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, এসব সামরিক অভিযান ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, হামলার ফলে ইসরায়েল নিরাপত্তা বা স্থিতিশীলতা—কোনোটিই নিশ্চিত করতে পারেনি।
লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত করার দাবিতে সরব রাজনৈতিক পক্ষগুলোর সমালোচনা করেন তিনি। আমিনের অভিযোগ, এ ধরনের অবস্থান ইসরায়েলের স্বার্থকে সহায়তা করছে।
ইয়েমেন প্রসঙ্গে ফিলিস্তিনের প্রতি দেশটির সমর্থনের প্রশংসা করেন হিজবুল্লাহর এই নেতা। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে গিয়ে ইয়েমেনের জনগণকে বড় মূল্য দিতে হয়েছে।
সৌদি আরবের কর্মকর্তাদের ইয়েমেননীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আমিন বলেন, ইয়েমেনের জনগণের দাবির প্রতি সম্মান দেখালে দেশটির সঙ্গে শত্রুতা ও ধ্বংসাত্মক নীতি অব্যাহত রাখার চেয়ে বেশি সুফল পাওয়া যাবে।