ইয়েমেনের লাহজ প্রদেশের কয়েকটি এলাকায় অগ্রযাত্রা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে ছবি প্রকাশ করেছে আনসারুল্লাহ নেতৃত্বাধীন সানা সরকারের সামরিক বাহিনী। রোববার (১৫ নভেম্বর) আল-মুদারিবা ও রাস আল-আরা ফ্রন্টে নিজেদের অগ্রগতির এসব ছবি প্রকাশ করা হয়।
ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব-সমর্থিত বাহিনীকে ওই অঞ্চলগুলো থেকে বিতাড়িত করার দৃশ্য ছবিতে তুলে ধরা হয়েছে। এসব বাহিনী সৌদি কর্মকর্তা বদর আল-হারবির নেতৃত্বে পরিচালিত হচ্ছিল বলে দাবি করেছে আনসারুল্লাহর সামরিক বাহিনী।
এর আগে ইয়েমেনের সামরিক বাহিনীর এক উচ্চপর্যায়ের সূত্র আল-মায়াদিনকে জানায়, সৌদি-সমর্থিত কয়েক হাজার সেনাকে আল-মুদারিবা ও রাস আল-আরার বিস্তীর্ণ এলাকা থেকে হটিয়ে দেওয়া হয়েছে।
ওই সূত্রের দাবি, কয়েক সপ্তাহের লড়াইয়ের পর বদর আল-হারবির নেতৃত্বাধীন সৌদি-সমর্থিত বাহিনী আদেনের দিকে পিছু হটেছে। সাম্প্রতিক সংঘর্ষে তাদের কয়েক শ সদস্য, এমনকি কয়েকজন কমান্ডারও আটক হয়েছেন।
সূত্রটি আরও দাবি করে, ইয়েমেনের সামরিক বাহিনী ৩ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা পুনর্দখল করেছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পাহাড়ি অঞ্চল, কৌশলগত ভৌগোলিক অবস্থান, উপকূলীয় এলাকা এবং একটি বিমানবন্দর।
প্রতিবেদন অনুযায়ী, লাহজ প্রদেশের রাস আল-আরা ও আল-মুদারিবার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার অভিযানের অন্যতম লক্ষ্য বাব আল-মান্দাব প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং তাইজ অঞ্চলের সুরক্ষা জোরদার করা।
এ অভিযানে ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অংশ নেয় বলে সামরিক সূত্রটি জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা এই সংঘর্ষে সৌদি আরবের হাজার হাজার বিমান হামলাও তাদের সমর্থিত বাহিনীকে রক্ষা করতে পারেনি বলে দাবি করেছে আনসারুল্লাহপন্থি সূত্রটি।