হুথিদের বিরুদ্ধে ৯০৬ হামলা, ২০১ যোদ্ধা হতাহত হওয়ার দাবি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী জানিয়েছে, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর আওতায় ৯০৬টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় হুথিদের ২০১ জন যোদ্ধা ও মাঠপর্যায়ের কমান্ডার নিহত অথবা যুদ্ধের সক্ষমতা হারিয়েছেন বলে দাবি করেছে সেনাবাহিনী।

এক বিবৃতিতে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, পরিচালিত অভিযানের মধ্যে ৪১টি বিমান হামলা, ১৮টি ড্রোন হামলা, ৯০টি রকেট হামলা এবং ৭৫৭টি কামানের গোলাবর্ষণ রয়েছে। বিভিন্ন যুদ্ধফ্রন্টে এসব হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে হুথিদের ১২১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মারিব, আল-জাওফ ও তাইজ এলাকায় এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ ছাড়া হুথিদের হুমকি মোকাবিলা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং তাইজ শহরের অবরোধ প্রত্যাহারে সহায়তার লক্ষ্যে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে সেনা পুনর্বিন্যাস করা হয়েছে।

এদিকে বাব আল-মান্দাব প্রণালি দিয়ে নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত