যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের ‘সম্ভাব্য হুমকি’ মোকাবিলায় প্রস্তুত ওয়াশিংটন: মার্কিন নিরাপত্তামন্ত্রী

যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের সম্ভাব্য হামলার হুমকি মোকাবিলায় দেশটি সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী মার্কওয়েন মুলিন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সম্ভাব্য ইরানি হামলার হুমকি সম্পর্কে জানতে চাইলে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলিন বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে প্রতিদিনের ব্রিফিংয়েই আমরা ইরানের সম্ভাব্য হুমকির বিষয়ে তথ্য পাই।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আমরা ভালোভাবেই প্রস্তুত। প্রতিদিন বিষয়টি পর্যবেক্ষণ করছি। এ নিয়ে আমরা সরাসরি যুদ্ধবিষয়ক দপ্তরের (ডিওডব্লিউ) সঙ্গে সমন্বয় করি।’

মুলিন আরও বলেন, হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার আগেই তাঁরা এ সম্পর্কে অবগত ছিলেন। তবে কখনো কখনো এসব তথ্য নিছক কথাবার্তা বা গুঞ্জনও হতে পারে। তা সত্ত্বেও প্রতিটি তথ্যকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং তাঁরা সব সময় প্রস্তুত থাকেন।