চলমান যুদ্ধে আত্মবিশ্বাসী অবস্থানে থাকলেও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ প্রসঙ্গে তিনি এক রোমান সেনাপতির পরিণতির উদাহরণ টেনেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, ‘তলোয়ারধারী ব্যক্তিদের আইন শেখাতে যেয়ো না’—কথাটি বলেছিলেন এক রোমান সেনাপতি। সংখ্যায় এগিয়ে থাকা সত্ত্বেও তাঁর শেষ সামরিক অভিযান ভয়াবহ পরাজয়ে শেষ হয়েছিল। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পর তাঁর শিরশ্ছেদ করা হয়।
আরাগচি আরও লেখেন, এর চেয়ে ভালো প্রবাদ হলো—‘যারা অতীত মনে রাখতে পারে না, তারা একই ভুলের পুনরাবৃত্তি করতে বাধ্য হয়।’
এর আগে চলতি সপ্তাহে ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘তলোয়ারধারীদের আইন শেখানো বন্ধ করো’—এই প্রবাদটি উল্লেখ করেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সমালোচনা করতে গিয়ে তিনি কথাটি বলেন।
রুবিওর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় আরাগচি রোমান সেনাপতির ঐতিহাসিক পরিণতির প্রসঙ্গ তুলে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে সতর্ক করেছেন।
গাজায় ‘যুদ্ধবিরতির’ পরও প্রাণহানি ১ হাজার ৬৪৭