ইয়েমেনে ৬০০ বন্দিকে মুক্তি দিল হুথিরা, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত-আহত ১৭

ইয়েমেনের রাজধানী সানায় সংঘাত-সংশ্লিষ্ট ৬০০ বন্দিকে একতরফাভাবে মুক্তি দিয়েছে হুথি গোষ্ঠী। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) সহযোগিতায় রোববার এ মুক্তির ঘোষণা দেওয়া হয়। একই দিনে দেশটির দক্ষিণাঞ্চলীয় লাহজ প্রদেশে তীব্র লড়াই থেকে পালিয়ে যাওয়া পরিবারের সদস্যদের বহনকারী যানবাহনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে সরকারি সামরিক সূত্র।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াকে নাম প্রকাশ না করার শর্তে সরকারি সামরিক সূত্র জানায়, লাহজের উপকূলীয় খোর উমাইরা এলাকায় ওই হামলা হয়। এলাকাটি এডেন থেকে প্রায় ৯০ কিলোমিটার পশ্চিমে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।

অন্যদিকে, হুথিদের এক সামরিক সূত্রও নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছে, বাব আল-মান্দেব প্রণালির কাছের অবস্থান থেকে সৌদি সমর্থিত সরকারি বাহিনী সরে যাওয়ার পর তাদের সেনাদের সমাবেশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ওই সূত্রের ভাষ্য, ‘আমাদের লক্ষ্য ছিল সামরিক সমাবেশ, বাস্তুচ্যুত পরিবার নয়।’

সংঘাত শুরুর পর সবচেয়ে বড় একতরফা মুক্তি

হুথিদের বন্দিবিষয়ক কমিটির প্রধান আবদুল কাদের আল-মুরতাদা এই মুক্তিকে সংঘাত শুরুর পর তাদের সবচেয়ে বড় একতরফা বন্দিমুক্তির উদ্যোগ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, এর আগে একই ধরনের উদ্যোগে গোষ্ঠীটি ২ হাজার ৬১২ জন বন্দিকে মুক্তি দিয়েছিল।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরা টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে আল-মুরতাদা বলেন, ‘আমরা প্রতিশোধের মনোভাব নিয়ে এই বিষয়টি দেখি না; বরং এটি একটি মানবিক বিষয়।’

বন্দি ও তাঁদের পরিবারের দুর্ভোগ কমাতে হুথিরা কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে রেড ক্রস বন্দিমুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, তাদের প্রতিনিধিরা প্রত্যেক বন্দির সঙ্গে আলাদাভাবে ও গোপনে কথা বলেছেন এবং তাঁদের ‘মর্যাদাপূর্ণভাবে বাড়ি ফেরার’ প্রক্রিয়ায় সহায়তা করেছেন।

তবে কারা মুক্তি পাবেন কিংবা কতজন মুক্তি পাবেন—সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রেড ক্রসের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে সংস্থাটি।

বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নে প্রস্তুত হুথিরা

আল-মুরতাদা বলেন, নতুন করে সংঘাত শুরু হলেও সর্বশেষ বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নে হুথিরা প্রস্তুত রয়েছে। তাঁর মতে, মানবিক আলোচনা সামরিক অভিযান থেকে আলাদা রাখা উচিত।

চুক্তি বাস্তবায়ন থমকে যাওয়ার জন্য তিনি বিরোধী পক্ষ এবং জাতিসংঘের মধ্যস্থতায় চলা আলোচনা স্থগিত হওয়ার বিষয়টিকে দায়ী করেন।

তবে বন্দিমুক্তি কিংবা হুথিদের তোলা অভিযোগ নিয়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে হুথি যোদ্ধা ও সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনপুষ্ট সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হওয়ার মধ্যেই বন্দিমুক্তি ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।

এদিকে জোটের বিমান হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে, সৌদি আরবের অভ্যন্তরে তেল স্থাপনা ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা।

২০১৪ সালের শেষ দিকে হুথিরা সানা ও ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করে নেওয়ার পর দেশটিতে সংঘাত শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হস্তক্ষেপ করে। সেই থেকে দেশটি দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে রয়েছে।