দক্ষিণ চীন সাগরে বিরোধ নিরসনে আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) চূড়ান্ত করতে পারেনি চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে দীর্ঘদিনের আলোচনায় খসড়ার প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক সমঝোতা হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যে আচরণবিধিটি আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, সেটিও রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানান ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো। তিনি বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে চীনের বিভিন্ন বিষয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে।
দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধপূর্ণ দাবির প্রেক্ষাপটে একটি আচরণবিধি তৈরির বিষয়ে দুই দশকেরও বেশি সময় ধরে আলোচনা চালাচ্ছে আসিয়ান ও বেইজিং। ১১ সদস্যের আসিয়ানের বর্তমান চেয়ারম্যান হিসেবে ফিলিপাইন চলতি বছরের শেষ নাগাদ এ আলোচনা এগিয়ে নিয়ে চুক্তি সম্পন্ন করার অঙ্গীকার করেছিল।
তবে লাজারো আশা প্রকাশ করেন, আগামী বছর আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব সিঙ্গাপুরের হাতে যাওয়ার পর দেশটির উদ্যোগে আচরণবিধি চূড়ান্ত করা সম্ভব হবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো চায়, প্রস্তাবিত আচরণবিধিতে আন্তর্জাতিক আইন প্রতিফলিত হোক। তাদের কয়েকটি দেশের অভিযোগ, চীন দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে। তবে বেইজিংয়ের দাবি, ওই অঞ্চলে তাদের সব কর্মকাণ্ড আইনসম্মত ও পেশাদার।
দক্ষিণ চীন সাগরের বেশির ভাগ এলাকার ওপর দাবি করে আসছে চীন। দেশটির এ দাবির সঙ্গে ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কিছু অংশের বিরোধ রয়েছে। এ কারণে সমুদ্রপথে উত্তেজনা বাড়া ঠেকাতে এবং সামুদ্রিক এলাকায় মুখোমুখি অবস্থানের ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর আচরণবিধিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল এক রায়ে জানায়, দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ এলাকার ওপর চীনের দাবির আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। তবে বেইজিং ওই রায় প্রত্যাখ্যান করেছে।
বিশেষ করে চীন ও ফিলিপাইনের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীন সাগর ঘিরে একাধিকবার উত্তেজনা ও মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে। ফিলিপাইনের অভিযোগ, তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা জাহাজ বারবার আগ্রাসী আচরণ করছে। এর মধ্যে বিপজ্জনকভাবে জাহাজ চালানো, জলকামান ব্যবহার এবং রসদ সরবরাহের কাজে বাধা দেওয়ার ঘটনাও রয়েছে। অন্যদিকে চীনের অভিযোগ, ফিলিপাইন তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে।
২০২২ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি সপ্তাহান্তের সম্মেলনের আগেও দক্ষিণ চীন সাগর নিয়ে দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে পাল্টাপাল্টি বক্তব্য চলেছে।
মিয়ানমারের নেতাদের আসিয়ান সম্মেলনে নিষেধাজ্ঞা বহাল
এদিকে ২০২১ সালে গৃহীত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে মিয়ানমারের নেতাদের আসিয়ানের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে জোটটি। দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধে সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বেসামরিক মানুষের ওপর হামলা অব্যাহত রাখারও নিন্দা জানিয়েছেন আসিয়ান নেতারা।
নিষেধাজ্ঞা অনুযায়ী, মিয়ানমার আসিয়ানের সম্মেলনে কেবল নিম্নপর্যায়ের পেশাদার কূটনীতিকদের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবে। চলতি বছর আসিয়ানের ঘূর্ণায়মান চেয়ারম্যানের দায়িত্ব মিয়ানমারের পাওয়ার কথা ছিল। তবে দেশটির অভ্যন্তরীণ সংঘাতের কারণে সেই দায়িত্ব ফিলিপাইনের হাতে যায়।
মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আসিয়ানের ২০২১ সালের এপ্রিলে অনুমোদিত পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পর এ সিদ্ধান্ত জানানো হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির সামরিক বাহিনী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি'র নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সহিংসতা শুরু হয়। তা কমানোর লক্ষ্যেই পাঁচ দফা ঐকমত্য গ্রহণ করেছিল আসিয়ান।
সামরিক অভ্যুত্থানের পর গণতন্ত্রপন্থীদের ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সামরিক বাহিনী কঠোরভাবে সেই বিক্ষোভ দমন করলে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে এবং তা ক্রমে গৃহযুদ্ধে রূপ নেয়। সংঘাত এখন দেশটির বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে।
ম্যানিলায় আসিয়ান নেতারা পাঁচ দফা পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে সব পক্ষকে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা বন্ধের আহ্বান জানান।
মিয়ানমারবিষয়ক আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো বলেন, দেশটিতে এখনো বোমা হামলা ও মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটছে। এসব সমস্যা কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে ধাপে ধাপে মিয়ানমারকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
মিয়ানমারের সাবেক সামরিক প্রধান মিন অং হ্লাইং ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ওই নির্বাচন ব্যাপকভাবে কারচুপিপূর্ণ বলে বিবেচিত হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি আসিয়ানের কয়েকটি সদস্যদেশে সরকারি সফর করেছেন।
এসব সফরে আসিয়ান বাধা দেয়নি। তবে জোটের নেতারা জোর দিয়ে বলেছেন, মিয়ানমারের রাজনৈতিক সংকট মোকাবিলায় পাঁচ দফা ঐকমত্যই প্রধান নির্দেশক হিসেবে বিবেচিত হবে।
সূত্র: বিবিসি
পুতিনকে আয়াতুল্লাহ মোজতবা খামেনির ‘বিশেষ’ বার্তা
সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়ে ইংল্যান্ডের দুর্দান্ত জয়
আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু: আইজেনকট