যুক্তরাষ্ট্রের চতুর্থ এমকিউএম-১৭০ ড্রোন জব্দ করলো ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করেছে। সোমবার (১৬ নভেম্বর) কেশম দ্বীপের দক্ষিণে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগের বরাতে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোনটি ইরানের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা পর্যবেক্ষণ করছিল। এ সময় ইরানি বাহিনীর সফল ইলেকট্রনিক হামলায় ড্রোনটির নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর করে সেটিকে অক্ষত অবস্থায় ভূমিতে নামিয়ে আনা হয়।

আইআরজিসি নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যান্ড ইউএভি কমান্ডের হাতে এ ধরনের ড্রোন অক্ষত অবস্থায় জব্দের এটি চতুর্থ ঘটনা বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালির আশপাশে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনীর হাতে অক্ষত অবস্থায় জব্দ হওয়া ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।

আইআরজিসির দাবি, চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। কিন্তু কয়েক মিলিয়ন ডলার মূল্যের এমকিউ-৯ ও এমকিউ-১ ড্রোন থেকে শুরু করে এমকিউএম-১৭০ এবং লয়টারিং মিউনিশন—সবই আইআরজিসির দক্ষ কর্মকর্তা ও সদস্যদের তৎপরতায় প্রতিহত, ধ্বংস কিংবা অকার্যকর করা হয়েছে।