যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির অরবিটার-৪ ড্রোন ভূপাতিতের দাবি তেহরানের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

পশ্চিম ইরানের নাহাভান্দ এলাকার পাহাড়ি অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি অরবিটার-৪ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনী।

রোববার (১৫ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা সদর দপ্তর জানায়, শনিবার নাহাভান্দের পাহাড়ি এলাকায় একটি শত্রু ড্রোন শনাক্ত করে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট সেটি ভূপাতিত করে। রোববার ওই এলাকায় ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। পরে তা কারিগরি ও বিশেষজ্ঞ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর দাবি, অরবিটার-৪ ড্রোনের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি রেলব্যবস্থার মাধ্যমে উৎক্ষেপণ করা যায় অথবা উল্লম্বভাবে আকাশে উড্ডয়ন করতে পারে। ফলে বিভিন্ন পরিস্থিতিতে এটি পরিচালনার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যায়।

এ ছাড়া ড্রোনটির স্বয়ংক্রিয় ও প্রোগ্রামনির্ভর অবতরণব্যবস্থা রয়েছে, যা এর প্রযুক্তিগত সক্ষমতার জটিলতা তুলে ধরে।

বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটি জিপিএসনির্ভর নির্দেশনাব্যবস্থা ছাড়াই পরিচালিত হতে পারে এবং এটি পরিচালনার জন্য ব্যবহারকারীর সরাসরি সহায়তার ওপর নির্ভরতা সীমিত। ফলে জিপিএস সংকেত বাধাগ্রস্ত বা জ্যামিং করা হলেও ড্রোনটির কার্যক্রম ব্যাহত করা তুলনামূলক কঠিন।

এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও ড্রোনটি ভূপাতিত করার ঘটনাকে নিজেদের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার প্রমাণ হিসেবে তুলে ধরেছে ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনী।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত