৮ ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দিলো ইসরায়েলি বসতি স্থাপনকারী

অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তুকু শহরে গাড়িচাপায় আট ফিলিস্তিনি আহত হওয়ার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৬ নভেম্বর) এ ঘটনার নিন্দা জানিয়ে মন্ত্রণালয় ইসরায়েলি সরকারকে দায়ী করেছে।

আনাদোলুকে স্থানীয় সূত্র জানায়, এক ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রথমে গাড়ি দিয়ে তিন তরুণকে চাপা দেন। পরে আহতদের সহায়তা করতে ঘটনাস্থলে জড়ো হওয়া আরও পাঁচজনকে গাড়িচাপা দেন তিনি।

ঘটনার ভিডিও ফুটেজে আহত ব্যক্তিদের রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর আহতদের হাসপাতালে নেওয়া হয়।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে এ ঘটনার জন্য ইসরায়েল সরকারকে দায়ী করেছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের ওপর হামলা ক্রমেই বাড়লেও ইসরায়েলি কর্তৃপক্ষ হামলাকারীদের সুরক্ষা ও সমর্থন দিচ্ছে। এ পরিস্থিতিতে হামলায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি যারা হামলায় উসকানি দিচ্ছে কিংবা অপরাধীদের শাস্তি থেকে রক্ষা করছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে হত্যা, গ্রেপ্তার, বাড়িঘর ভাঙচুর, জমি সমতল করা ও দখল এবং ইসরায়েলি বসতি সম্প্রসারণ।

সূত্র: আনাদোলু এজেন্সি