লোহিত সাগর ছেড়ে এডেন রক্ষায় ইয়েমেনের সেনারা, কারণ কী?

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক অগ্রযাত্রায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অবস্থান আরও দুর্বল হয়ে পড়েছে। বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে লোহিত সাগর উপকূল থেকে সেনা সরিয়ে অন্তর্বর্তী রাজধানী এডেনের প্রতিরক্ষায় মনোযোগ দিতে বাধ্য হয়েছে সরকারি বাহিনী। এতে ইয়েমেনের সরকার, তাদের সমর্থক সৌদি আরব এবং বৃহত্তর অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

২০১৪ সালে ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করে নেওয়া হুথিরা এখন দেশটির গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকাগুলোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে। তাদের এই অগ্রযাত্রা শুধু ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকেই প্রভাবিত করছে না, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্যও ঝুঁকি তৈরি করছে।

আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত ইয়েমেন পাহাড়ি, অস্ত্রসজ্জিত, গোত্রভিত্তিক এবং দারিদ্র্যপীড়িত একটি দেশ। দেশটির দুটি উপকূল রয়েছে। একটি ভারত মহাসাগরের দিকে, যেখানে একসময় সমৃদ্ধ বাণিজ্যিক বন্দর ছিল এডেন। অন্যটি লোহিত সাগরের দিকে, যার দক্ষিণ প্রান্তে রয়েছে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি। ইংরেজিতে এর অর্থ ‘অশ্রুর দরজা’।

এই প্রণালির কৌশলগত গুরুত্ব অনেক। এটি নিয়ন্ত্রণে থাকলে ভূমধ্যসাগর ও লোহিত সাগর থেকে ভারত মহাসাগরের দিকে যাতায়াতকারী জাহাজ চলাচলে হুমকি তৈরি করা সম্ভব। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন গড়ে ৭০ থেকে ১৫০টি জাহাজ এ পথ অতিক্রম করে।

তবে বর্তমান পরিস্থিতিতে এই নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। হুথিরা সমুদ্রপথে চলাচলকারী জাহাজের জন্য হুমকি নয় বলে দাবি করলেও সৌদি আরবের সঙ্গে তাদের যুদ্ধ চলছে। ফলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা উপকূলের পাশ দিয়ে সৌদি তেলবাহী ট্যাংকার চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর তেহরান পাল্টা পদক্ষেপ হিসেবে পারস্য উপসাগর থেকে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়, মূল্যস্ফীতি ত্বরান্বিত হয় এবং বিভিন্ন দেশের অর্থনীতি চাপে পড়ে।

এ পরিস্থিতিতে সৌদি আরব বিকল্প পথের আশ্রয় নেয়। ইরানের বিপজ্জনক উপকূল এড়িয়ে তেল রপ্তানির জন্য দেশটি স্থলপথে পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পাঠাতে শুরু করে। সেখানে থাকা রপ্তানি টার্মিনাল দিয়ে তেল সরবরাহ কিছু সময়ের জন্য স্বাভাবিক রাখা সম্ভব হয়।

কিন্তু জুলাইয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়ে। এরপর সৌদি আরবের ওই পাইপলাইনে ড্রোন হামলা হয় এবং দেশটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে শুরু করে বিদ্রোহীরা।

এদিকে স্থলযুদ্ধে হুথিরা উদ্যোগ নিয়ে লোহিত সাগর উপকূল ধরে দ্রুত অগ্রসর হয়। এতে ইয়েমেনের সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। সরকারি বাহিনীর পাল্টা অভিযানের চেষ্টা সফল হয়নি বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বাব আল-মান্দাব প্রণালি এবং এর আশপাশের কয়েকটি দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ হুথিদের হাতে রয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইয়েমেন ও ইরানে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্যভিত্তিক মিডল ইস্ট অ্যাসোসিয়েশনের মহাপরিচালক নিকোলাস হপটন মনে করেন, এ পরিস্থিতি সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের জন্য ভালো কোনো বার্তা দিচ্ছে না।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার অন্য এলাকাগুলো থেকে সেনা সরিয়ে এডেনের সামরিক প্রতিরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। এতে বোঝা যায়, সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর জন্য যুদ্ধ পরিস্থিতি ভালো যাচ্ছে না। বিষয়টি নিয়ে বাকি বিশ্বেরও উদ্বিগ্ন হওয়া উচিত।

হপটনের আশঙ্কা, প্রায় ১২ লাখ ৫০ হাজার মানুষের শহর এডেন হুথিদের নিয়ন্ত্রণে চলে গেলে আঞ্চলিক সংকট আরও বাড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে আগে থেকেই চাপে থাকা বিশ্ব অর্থনীতিতে নতুন অস্থিরতা তৈরি হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রভিত্তিক ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান বাশা রিপোর্টের প্রতিষ্ঠাতা ইয়েমেনি বিশ্লেষক মোহাম্মদ আল-বাশা মনে করেন, শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থায় সুরক্ষিত এডেন শহর দখল করা হুথিদের জন্য সহজ হবে না।

তিনি বলেন, এডেনের মতো ঘনবসতিপূর্ণ শহর দখলের চেষ্টা করলে বড় ধরনের মানবিক মূল্য দিতে হতে পারে। উপকূলীয় সমতল এলাকা দিয়ে অগ্রসর হওয়ার সময় হুথি বাহিনী বিমান হামলার ঝুঁকিতেও পড়বে।

আল-বাশার মতে, আপাতত হুথিরা সরাসরি বড় ধরনের সামরিক অভিযান না চালিয়ে আলোচনার মাধ্যমে আত্মসমর্পণ আদায়ের চেষ্টা করছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ ও বিভক্তিকে কাজে লাগিয়ে বড় ধরনের নগরযুদ্ধ এড়িয়েই নিজেদের লক্ষ্য অর্জন করতে চাইছে তারা।

ইয়েমেনের যুদ্ধ শেষ পর্যন্ত কম তীব্রতার হলেও দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিতে পারে। এতে হতাহতের সংখ্যা কমে এলেও দেশটি হুথিদের নিয়ন্ত্রিত অঞ্চল এবং সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় বিভক্ত থেকে যেতে পারে। সরকারি বাহিনীর মধ্যে বিভিন্ন গোষ্ঠীর উপস্থিতি এবং তাদের মধ্যে সমন্বয়হীনতাও পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

ইয়েমেনে নিযুক্ত সাবেক ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তা কর্নেল ইয়ান স্মাইলস সতর্ক করে বলেছেন, হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রার কারণে বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়ে যেতে পারে। সেপ্টেম্বরে বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার সময়ও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

স্মাইলসের মতে, ইয়েমেনের বাইরেও নিরাপত্তা পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে। পশ্চিম উপকূলজুড়ে নিয়ন্ত্রণ বাড়ানোর ফলে ইরান, হর্ন অব আফ্রিকা এবং অন্যান্য অঞ্চল থেকে অস্ত্র ও গোলাবারুদ পাচারের সক্ষমতা বাড়তে পারে হুথিদের। এতে পুরো অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে।

তিনি বলেন, উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইরান ও হুথিরা পূর্ব আফ্রিকাসহ আরও বিস্তৃত অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর সুযোগ পাবে।

 

সূত্র: বিবিসি

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত