সন্ত্রাসী গোষ্ঠীর দুটি সশস্ত্র সেল ভেঙে দিলো ইরান, জব্দ ৭০ স্টারলিংক ডিভাইস

ইরানের পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর দুটি সশস্ত্র সেল ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। এ ঘটনায় গোষ্ঠী দুটির নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৭০টি স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগযন্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে কুর্দিস্তান প্রদেশে গোয়েন্দা কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এর মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রদেশে নিরাপত্তাহীনতা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানে ৪৭টি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল, ৯৩টি ম্যাগাজিন, ২ হাজার ৭০০ রাউন্ড গুলি এবং ৭০টি স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগযন্ত্র জব্দ করা হয়েছে।

এ ছাড়া কামিয়ারান কাউন্টিতে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীটিকে বিদেশ থেকে পরিচালনার অভিযোগে তাদের নেটওয়ার্কের এক গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে মন্ত্রণালয়।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের দাবি, গ্রেপ্তার ওই ব্যক্তি একটি আঞ্চলিক গোয়েন্দা সংস্থার নির্দেশনায় কাজ করছিলেন। ইরানের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে অস্থিতিশীল করার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি সশস্ত্র গোষ্ঠীটিকে পরিচালনা করছিলেন।

তবে কোন আঞ্চলিক গোয়েন্দা সংস্থার নির্দেশনায় তিনি কাজ করছিলেন, বিবৃতিতে তা স্পষ্ট করা হয়নি।

ইরান এর আগেও দেশটির পশ্চিম ও দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র গোষ্ঠীর নাশকতা এবং সন্ত্রাসী পরিকল্পনা নস্যাতের দাবি করেছে।

ইরানের গোয়েন্দা অভিযানগুলোতে সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি, বিশেষ করে স্টারলিংক ডিভাইসের ব্যবহার নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, বিদেশে অবস্থানরত পরিচালনাকারীদের সঙ্গে নিরাপদ যোগাযোগ বজায় রাখতে এসব গোষ্ঠী চোরাই পথে স্টারলিংক ডিভাইস দেশে নিয়ে আসে।

এর আগে ১১ নভেম্বর ইরানের গোয়েন্দা বাহিনী দায়েশ-সংশ্লিষ্ট একটি বিচ্ছিন্নতাবাদী সেল ভেঙে আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল।