কার্বন নিঃসরণ ও রপ্তানিজনিত দূষণে শীর্ষে যেসব দেশ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

জলবায়ু পরিবর্তনের দায় নিয়ে বিশ্বজুড়ে চলছে বিতর্ক। কার্বন নিঃসরণের পাশাপাশি জীবাশ্ম জ্বালানি রপ্তানিও বাড়াচ্ছে দূষণের দায়। কোথাও কারখানার ধোঁয়া, কোথাও বিদ্যুৎকেন্দ্রের চিমনি, আবার কোথাও যানবাহনের ধোঁয়ায় ছড়াচ্ছে কার্বন। অন্যদিকে, এক দেশে উত্তোলন করা কয়লা, তেল ও গ্যাস পুড়ছে অন্য দেশে। প্রচলিত হিসাবের বাইরে রপ্তানিজনিত দূষণের দায় বিবেচনায় ইতিহাসে শীর্ষে রয়েছে রাশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। ১৮৫০ থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত কয়লা, তেল ও গ্যাস রপ্তানির হিসাব ধরে গবেষণাটি করেছে কার্বন ব্রিফ। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই বিশ্লেষণ হাতে পেয়েছে। কার্বন নিঃসরণের প্রচলিত হিসাব আর রপ্তানিজনিত দূষণের হিসাব এক নয়। প্রচলিত হিসাবে কোনো দেশে কয়লা, তেল বা গ্যাস পোড়ানোর ফলে যে কার্বন ডাই-অক্সাইড তৈরি হয়, তা ওই দেশের নিঃসরণ হিসেবে ধরা হয়।

অর্থাৎ, জ্বালানি যে দেশে পোড়ানো হচ্ছে, দূষণের দায়ও দেওয়া হয় সেই দেশকে। তবে, রপ্তানিজনিত দূষণের হিসাব করা হয় ভিন্নভাবে। এ ক্ষেত্রে কোনো দেশ কয়লা, তেল বা গ্যাস উত্তোলন করে অন্য দেশে বিক্রি করলে, সেই জ্বালানি পুড়িয়ে যে কার্বন ডাই-অক্সাইড তৈরি হয়, তার দায়ও যুক্ত হয় রপ্তানিকারক দেশের হিসাবে।

অর্থাৎ, জ্বালানি পোড়ানোর পাশাপাশি সেটি উত্তোলন ও রপ্তানির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। যেমন, রাশিয়া থেকে তেল কিনে অন্য কোনো দেশ তা পোড়ালে প্রচলিত হিসাবে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইডের দায় পড়বে আমদানিকারক দেশের ওপর। কিন্তু, রপ্তানিজনিত দূষণের হিসাবে সেই কার্বনের দায় যুক্ত হবে রাশিয়ার হিসাবে। এভাবে হিসাব করলে জীবাশ্ম জ্বালানি রপ্তানির কারণে কোন দেশ কতটা কার্বন নিঃসরণের জন্য দায়ী, তা বোঝা যায়।

এই হিসাবে রাশিয়ার রপ্তানিজনিত কার্বন নিঃসরণের পরিমাণ ৭০ বিলিয়ন টনের বেশি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরবের ক্ষেত্রে তা প্রায় ৬০ বিলিয়ন টন। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রপ্তানির কারণে ২৫ বিলিয়ন টনের বেশি কার্বন ডাই-অক্সাইড তৈরি হয়েছে। এক্ষেত্রে দেশটি ভেনেজুয়েলার সামান্য ওপরে রয়েছে। এমন হিসাব সামনে এসেছে তুরস্কে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) চলার মধ্যে। 

এবারের সম্মেলনে সভাপতিত্ব করছে অস্ট্রেলিয়া। অথচ দেশটি এখনো জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও রপ্তানি বন্ধের সময়সীমা নির্ধারণ করেনি। দেশটির মোট রপ্তানি আয়ের প্রায় ৪০ শতাংশ আসে এসব জ্বালানি থেকে। দূষণকারীদের দায়বদ্ধ করার আন্তর্জাতিক জোটের সমন্বয়ক লুইস হাচিনস বলেন, সরকারগুলো জলবায়ু সংকট মোকাবিলায় অর্থের অভাবের কথা বলছে।

অথচ যেসব দেশ জীবাশ্ম জ্বালানি রপ্তানি করে বিপুল অর্থ আয় করছে, সেসব দেশই জলবায়ু নিয়ে আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে, অতীত থেকে এখন পর্যন্ত মোট কার্বন নিঃসরণের হিসাবে যুক্তরাষ্ট্র ও চীনের দায় রাশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়ার চেয়ে বেশি। কারণ, এই দুই দেশ নিজেদের চাহিদা মেটাতে কয়লা, তেল ও গ্যাস ব্যবহারের পাশাপাশি অন্য দেশ থেকেও বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি আমদানি করে। এসব জ্বালানি ব্যবহারের ফলে দেশ দুটিতে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড তৈরি হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত