গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের তদন্ত কমিশনের বর্তমান সদস্য ক্রিস্টোফার সিডোটি। তিনি সতর্ক করে বলেছেন, গণহত্যার পেছনে যেসব পরিস্থিতি কাজ করেছে, সেগুলো এখনো গাজায় বিদ্যমান।
মঙ্গলবার মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে সিডোটি বলেন, ‘গাজায় কোনো যুদ্ধবিরতি নেই। প্রতিদিনই হত্যাকাণ্ড চলছে, যার মধ্যে শিশুহত্যাও রয়েছে।’
তিনি সতর্ক করে বলেন, ‘গণহত্যার বিষয়ে আমাদের সিদ্ধান্তে পৌঁছানোর পেছনে যেসব পরিস্থিতি ছিল, সেগুলো এখনো গাজায় কার্যকর রয়েছে।’ তাঁর অভিযোগ, ইসরায়েল এখনো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
সিডোটি বলেন, পাঁচ বছরে প্রকাশিত ১৮টি প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে কমিশনের বর্তমান আইনি মূল্যায়ন হলো—ইসরায়েলের বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী। আর গাজায় তারা গণহত্যার অপরাধ সংঘটন করেছে।
কমিশনের ২০২৬ সালের জুনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী।
প্রতিবেদনটিতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অন্তত ২০ হাজার ১৭৯ শিশু নিহত এবং ৪৪ হাজার ১৪৩ শিশু আহত হওয়ার তথ্য নথিভুক্ত করা হয়।
সিডোটি জানান, তদন্তে ১৭ জন চিকিৎসাকর্মীর সাক্ষ্য নেওয়া হয়েছে। তাঁরা এমন শিশুদের চিকিৎসা দিয়েছেন, যাদের মাথা বা শরীরের ওপরের অংশে একটি করে গুলির ক্ষত ছিল। এসব আঘাতের ধরন স্নাইপার বা নজরদারি ড্রোন থেকে চালানো হামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তদন্তে আরও উঠে এসেছে, গাজার ৫৬৪টি স্কুল ভবনের মধ্যে ৪৫৯টি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এতে ৬ লাখ ৬৮ হাজারের বেশি শিশু আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এ ছাড়া পশ্চিম তীরে শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ, আটক এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনাও নথিভুক্ত করেছে কমিশন।
যুদ্ধবিরতির পরও গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগ
গত ২৬ অক্টোবর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে কমিশন আবারও বলেছে, যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি কর্তৃপক্ষের গণহত্যামূলক কর্মকাণ্ড অব্যাহত ছিল। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গণহত্যার স্বীকৃতি দেওয়ার আগে আদালতের রায়ের অপেক্ষায় থাকার কথা বলা পশ্চিমা সরকারগুলোর সমালোচনা করেন সিডোটি। তিনি বলেন, গণহত্যা প্রতিরোধে রাষ্ট্রগুলোর দায়িত্ব রয়েছে; এ দায়িত্ব পালনের জন্য আদালতের রায়ের অপেক্ষা করার প্রয়োজন নেই।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬১৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৯২০ জন আহত হয়েছেন।
অন্যদিকে, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ৯ অক্টোবর পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে অন্তত ১ হাজার ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৬৩ জন শিশু। এ সময়ে আহত হয়েছেন ১৩ হাজার ৩০০ জন।