হরমুজ প্রণালিতে অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজটির একজন নাবিক নিখোঁজ রয়েছেন। বুধবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল উত্তরে ট্যাংকারটিতে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে।
আঘাতের পর জাহাজটিতে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে একজন নাবিক নিখোঁজ থাকায় তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ইউকেএমটিও জানিয়েছে, ট্যাংকারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
ঘটনার কারণ ও অজ্ঞাত বস্তুটির পরিচয়ও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।