শত্রুপক্ষের অপতৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করে যাবে বলে জানিয়েছেন দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ ইবনে রেজা। তিনি বলেন, সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বুধবার (১৮ নভেম্বর) তেহরানে ইরানের প্রতিরক্ষা শিল্পের অর্জনবিষয়ক নবম সভায় বক্তব্য দেন তিনি। এ সময় দেশটির অগ্রগতির পেছনে ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির দিকনির্দেশনা এবং প্রতিরক্ষা খাতের বিজ্ঞানী, প্রকৌশলী ও মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবদানের কথা তুলে ধরেন তিনি।
ইবনে রেজা বলেন, ‘দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে আমাদের প্রতিটি পদক্ষেপ তাদের আত্মত্যাগের ধারাবাহিকতা, যারা ইরানের সম্মান ও গৌরবের জন্য জীবন উৎসর্গ করেছেন।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সেই উত্তরাধিকার এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিষ্ঠার সঙ্গে কাজ, বিচক্ষণ সিদ্ধান্ত এবং দেশের নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করেই এ দায়িত্ব পালন করতে হবে।
সামরিক প্রযুক্তির উন্নয়ন প্রসঙ্গে উপপ্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘যুদ্ধক্ষেত্রে প্রতিটি নতুন পরিস্থিতি আমাদের সামনে নতুন চাহিদা তৈরি করে। সেই চাহিদাকে প্রযুক্তির ভাষায় রূপ দেওয়া আমাদের দায়িত্ব।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রসঙ্গ টেনে তিনি জানান, যুদ্ধ চলাকালে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতাকে প্রযুক্তিগত চাহিদায় রূপান্তর এবং শত্রুপক্ষের হামলা প্রতিরোধের সক্ষমতা বাড়াতে ৭০টির বেশি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল।
তিনি বলেন, যুদ্ধের অভিজ্ঞতা সামরিক সদস্য, প্রকৌশলী এবং প্রতিরক্ষা শিল্পের বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতার গতি ও কার্যকারিতা যাচাইয়েরও সুযোগ তৈরি করেছে।
ইবনে রেজার ভাষায়, ওই আগ্রাসন শুধু ইরানের বিদ্যমান সামরিক প্রস্তুতির পরীক্ষা ছিল না; বরং যুদ্ধক্ষেত্রের প্রয়োজন শনাক্ত করা, দ্রুত সমাধান তৈরি এবং তা কার্যকর সামরিক সক্ষমতায় রূপ দেওয়ার ক্ষেত্রে প্রতিরক্ষা শিল্প কতটা দ্রুত কাজ করতে পারে, তা যাচাইয়ের সুযোগও ছিল।
তিনি দাবি করেন, ‘এই যুদ্ধে আমরা আরও শক্তিশালী ও উন্নত প্রযুক্তি নিয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছি। আমাদের কার্যক্রমও আগের চেয়ে ভালো ছিল।’
দেশটির অবকাঠামো ও বিভিন্ন স্থাপনার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ইরানি বিশেষজ্ঞদের দক্ষতা ও সক্ষমতা অক্ষত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, সংশ্লিষ্ট জনবল এখনো কাজ চালিয়ে যাচ্ছে।
ইবনে রেজা বলেন, ‘আমাদের বিশেষজ্ঞদের জ্ঞান, দক্ষতা ও মানবসম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি।’ ইরানের প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।