সামরিক হস্তক্ষেপের বৈধতা কীভাবে তৈরি করে গণমাধ্যম?

ইরানের বাঁধগুলোর সঙ্গে সম্ভাব্য সামরিক কর্মকাণ্ডের যোগসূত্র তুলে ধরতে গিয়ে পর্যাপ্ত প্রমাণ ছাড়াই প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। এতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—অনুমান কখন বেসামরিক অবকাঠামোয় হামলার যৌক্তিকতা তৈরির হাতিয়ারে পরিণত হয়?

যুদ্ধের সূচনা সব সময় প্রথম ক্ষেপণাস্ত্র ছোড়ার মধ্য দিয়ে হয় না। কখনো কখনো যুদ্ধের প্রস্তুতি শুরু হয় জনমত গঠনের ময়দানে। এ পর্যায়ে গণমাধ্যম নির্দিষ্ট কিছু দাবি সামনে এনে, সংশয় ও অনিশ্চয়তাকে আড়াল করে এবং সরকারি ভাষ্য বারবার প্রচারের মাধ্যমে শত্রুর এমন একটি ভাবমূর্তি তৈরি করতে পারে, যেখানে সামরিক পদক্ষেপকে ব্যয়বহুল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং অনিবার্য প্রয়োজন হিসেবে উপস্থাপন করা হয়।

এর অর্থ এই নয় যে গণমাধ্যম একাই যুদ্ধ শুরু করে, কিংবা কোনো দেশের সমালোচনামূলক প্রতিবেদন মানেই তা সামরিক অভিযানের অংশ। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় তখনই, যখন প্রমাণিত তথ্য, অনুমান ও রাজনৈতিক দাবির মধ্যকার সীমারেখা মুছে যায় এবং পর্যাপ্ত প্রমাণ ছাড়াই কোনো সংবাদভাষ্য সামরিক পদক্ষেপের যৌক্তিকতা হিসেবে ব্যবহৃত হয়।

১৬ নভেম্বর তারিখে দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত ‘War May Answer Longtime Riddle of Iranian Dams Built for No Clear Reason’ শিরোনামের প্রতিবেদনটি এ সমস্যার একটি উল্লেখযোগ্য উদাহরণ। সানাম মাহুজি ও এরিকা সলোমন তাঁদের প্রতিবেদনে কয়েকটি বাঁধের ভৌগোলিক অবস্থান এবং ইরানের পানি স্থানান্তর প্রকল্পের সঙ্গে ক্ষেপণাস্ত্র মোতায়েন বা সামরিক কর্মকাণ্ডের জন্য চিহ্নিত এলাকার নৈকট্যের বিষয়টি তুলে ধরেছেন। এর ভিত্তিতে তাঁরা সম্ভাবনা প্রকাশ করেছেন, এসব অবকাঠামোর কোনো কোনোটি সামরিক উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

কিন্তু প্রতিবেদনটির মূল যুক্তি দাঁড়িয়ে আছে ভৌগোলিক নৈকট্য ও প্রকল্পগুলোর অবস্থানগত ব্যাখ্যার ওপর। অথচ কোনো বাঁধ বা পানি স্থানান্তর স্থাপনা সামরিক এলাকার কাছাকাছি থাকলেই সেটি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে—এমন প্রমাণ প্রতিষ্ঠিত হয় না।

বিষয়টি কেবল সাংবাদিকতার কৌশলগত বা কারিগরি বিবেচনার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে নিরাপত্তা ও মানবিক বিপর্যয়ের প্রশ্নও জড়িত। বাঁধের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রকৃত সামরিক ভূমিকার সুস্পষ্ট প্রমাণ না দেখিয়েই যখন সেটিকে নিরাপত্তাঝুঁকির সঙ্গে যুক্ত করা হয়, তখন জনমনে একটি বেসামরিক স্থাপনাকে সন্দেহজনক হিসেবে বিবেচনার সুযোগ তৈরি হয়।

মৌলিক প্রশ্ন হলো, প্রতিবেদনের লেখকদের কাছে যদি এমন কোনো নিশ্চিত প্রমাণ না থাকে, যা এ ধরনের অবকাঠামোর সঙ্গে সামরিক কর্মকাণ্ডের যোগসূত্র প্রতিষ্ঠা করে, তাহলে এত বড় নিরাপত্তাগত গুরুত্ব দিয়ে একটি অনুমানকে সামনে আনা হচ্ছে কেন?

গণমাধ্যমের অনুসন্ধানী ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই অধিকার তথ্য ও সম্ভাবনার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বজায় রাখার দায়িত্ব থেকে গণমাধ্যমকে অব্যাহতি দেয় না। বিশেষ করে যখন বিষয়টি কোটি মানুষের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামো।

ইরাক যুদ্ধের আগে গণমাধ্যমের ভূমিকা

ঐতিহাসিক অভিজ্ঞতার দিকে তাকালে এ উদ্বেগের গুরুত্ব আরও স্পষ্ট হয়। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলার আগে দ্য নিউইয়র্ক টাইমস নিজেই এ ধরনের সমস্যার একটি উল্লেখযোগ্য উদাহরণ তৈরি করেছিল।

২০০২ সালের ৮ সেপ্টেম্বর পত্রিকাটি সাদ্দাম হোসেনের সরকার পারমাণবিক বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করছে—এমন অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। মাইকেল গর্ডন ও জুডিথ মিলারের লেখা প্রতিবেদনটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের ইরাকের হুমকি প্রমাণের প্রচেষ্টায় উপস্থাপিত তথ্যের ওপর নির্ভরশীল ছিল।

একই দিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনটি উদ্ধৃত করেন। এভাবে একটি সংবাদপ্রতিবেদন ইরাকের হুমকির পক্ষে যুক্তি তুলে ধরতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি কর্মকর্তার ব্যবহৃত নথিগুলোর একটিতে পরিণত হয়।

ইরাকে হামলার পর গণবিধ্বংসী অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অনেক দাবিই ভিত্তিহীন প্রমাণিত হয়। ২০০৪ সালের ২৬ মে নিউইয়র্ক টাইমস আনুষ্ঠানিকভাবে স্বীকার করে, এ বিষয়ে তাদের সংবাদ পরিবেশনা যথেষ্ট নির্ভুল ও কঠোর যাচাইয়ের ভিত্তিতে হয়নি।

ভিয়েতনাম যুদ্ধ ও টংকিন উপসাগরের ঘটনা

আরেকটি উদাহরণ পাওয়া যায় ভিয়েতনাম যুদ্ধের বিস্তারের ইতিহাসে। ১৯৬৪ সালের ৪ আগস্ট তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন ঘোষণা করেন, উত্তর ভিয়েতনামের বাহিনী দ্বিতীয়বারের মতো মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় তিনি পাল্টা হামলার নির্দেশ দেন।

পরদিন নিউইয়র্ক টাইমস উত্তর ভিয়েতনামের সামরিক ঘাঁটিতে মার্কিন হামলা এবং ওই সংঘর্ষ নিয়ে মার্কিন সরকারের আনুষ্ঠানিক ভাষ্য প্রকাশ করে। কিন্তু পরবর্তী সময়ে দ্বিতীয় হামলার ঘটনা আদৌ ঘটেছিল কি না, তা নিয়ে গুরুতর অস্পষ্টতা ও সংশয় দেখা দেয়। এমনকি জাহাজের নাবিকদের প্রাথমিক প্রতিবেদনও নির্ভরযোগ্য ছিল না বলে পরে জানা যায়।

দ্বিতীয় হামলার সরকারি ভাষ্য মার্কিন কংগ্রেসে টংকিন উপসাগরীয় প্রস্তাব (Gulf of Tonkin Resolution) অনুমোদনের অনুকূল রাজনৈতিক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে। ওই প্রস্তাবের মাধ্যমে ভিয়েতনামে সামরিক অভিযান সম্প্রসারণের ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা আরও বিস্তৃত হয়।

এ ক্ষেত্রেও বিষয়টি কেবল একটি সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এমন এক সময়ে যাচাই না হওয়া একটি ভাষ্য প্রচার করা হয়েছিল, যখন তার রাজনৈতিক ও সামরিক পরিণতি একটি দৈনন্দিন সংবাদঘটনার সীমা ছাড়িয়ে গিয়েছিল।

এই অভিজ্ঞতাগুলো দেখায়, যুদ্ধের গতিপথে প্রভাব ফেলতে গণমাধ্যমের সরাসরি হামলার নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় না। কখনো কখনো সরকারি ভাষ্য কঠোরভাবে যাচাই না করেই প্রকাশ করা, সংশয়কে গুরুত্বহীন করে তোলা এবং এমন একটি পরিস্থিতি তৈরি করাই যথেষ্ট, যেখানে সামরিক পদক্ষেপকে যৌক্তিক, এমনকি অনিবার্য বলে মনে হয়।

অবশ্য এসব উদাহরণের কোনোটিই প্রমাণ করে না যে যুদ্ধ শুরুর জন্য গণমাধ্যম একাই দায়ী। তবে রাজনৈতিক পরিবেশ তৈরি এবং যুদ্ধের বিরুদ্ধে জনমতের প্রতিরোধ কমিয়ে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই।

ইরানের বাঁধ নিয়ে প্রতিবেদন এবং আন্তর্জাতিক আইনের প্রশ্ন

এই একই দৃষ্টিকোণ থেকে ইরানের বাঁধ নিয়ে নিউইয়র্ক টাইমস-এর সাম্প্রতিক প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ। যদি কোনো সামরিক স্থাপনার কাছাকাছি অবস্থানকে একটি বেসামরিক অবকাঠামোর সামরিক ব্যবহার নিয়ে সন্দেহ তৈরির জন্য যথেষ্ট মনে করা হয়, তাহলে একই যুক্তি দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পানি, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ অবকাঠামোকেও সন্দেহের আওতায় আনা সম্ভব।

এ ধরনের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক মানবিক আইনের মূলনীতির সঙ্গেও সাংঘর্ষিক। কারণ, কোনো বেসামরিক অবকাঠামো কেবল সামরিক স্থাপনার কাছাকাছি অবস্থিত বলেই সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয় না। নির্দিষ্ট শর্তে বাঁধ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বিশেষ সুরক্ষাও পেয়ে থাকে।

ইরাক যুদ্ধের সময়কার ভূমিকার কারণে নিউইয়র্ক টাইমস-এর এ ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে নিজের দায়িত্বের গুরুত্ব উপেক্ষা করা উচিত নয়। গণবিধ্বংসী অস্ত্রসংক্রান্ত দাবির যথাযথ যাচাইয়ে দুর্বলতার জন্য যে পত্রিকাকে আগে সমালোচনার মুখে পড়তে হয়েছিল এবং পেশাগত ত্রুটি স্বীকার করতে হয়েছিল, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে তাদের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

পর্যাপ্ত প্রমাণ ছাড়া কোনো সম্ভাবনাকে নিরাপত্তাঝুঁকি হিসেবে তুলে ধরা কেবল সংবাদ পরিবেশনার ধরনগত ত্রুটি নয়; এর মাধ্যমে বেসামরিক স্থাপনাকে সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনার প্রবণতাও স্বাভাবিক হয়ে উঠতে পারে।

যুদ্ধ শুরু হতে পারে রাজনীতিক ও সামরিক কমান্ডারদের সিদ্ধান্তে। কিন্তু তারও আগে জনমতের সামনে গণমাধ্যম যে ভাষ্য তুলে ধরে, কখনো কখনো সেখানেই যুদ্ধের ভিত্তি তৈরি হতে থাকে।