হামলায় সহযোগিতা করা দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে: বাঘাই

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করতে দেওয়া দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার দাবি, এসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে হামলায় সহযোগিতা করায় ইরানের ক্ষয়ক্ষতির দায় তাদেরও নিতে হবে।

রোববার (১৫ নভেম্বর) তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে হামলায় কোনো দেশ নিজেদের ভূখণ্ড, জলসীমা বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়ে থাকলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এ ধরনের আগ্রাসনে জড়িত দেশগুলোর ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করার কোনো আইনগত ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোতে হামলার অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেছিলেন। বাঘাই তার বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আঞ্চলিক কয়েকটি দেশের ভূমিকা ভুলে গেলে চলবে না।

তিনি অভিযোগ করেন, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলে ইরানের বিরুদ্ধে আট বছরব্যাপী যুদ্ধে কয়েকটি আঞ্চলিক দেশ বিপুল অর্থ, অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করেছিল। কোনো কোনো দেশ সেনা ও সৈন্যও মোতায়েন করেছিল বলে দাবি করেন তিনি। এসব সহযোগিতার নথিপত্র রয়েছে উল্লেখ করে বাঘাই বলেন, ইরানের জনগণের কাছে এ বিষয়ে ঐতিহাসিক হিসাব রয়েছে। তার ভাষায়, প্রতিবেশী একটি দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছে, তারা আগ্রাসনকারীদের সহযোগী হিসেবে দায় এড়াতে পারে না।

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ছিল আত্মরক্ষামূলক

প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের বিরুদ্ধে ইরান কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন বাঘাই। তার বক্তব্য, ইরানের সামরিক পদক্ষেপ ছিল সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং সেগুলোর লক্ষ্য ছিল ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক সম্পদ। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনের জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে তেহরান নিজস্ব সামরিক সক্ষমতার ওপর নির্ভর করছে, অন্য কোনো পক্ষের ওপর নয়।

আইএইএর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদন প্রকাশের ধরন নিয়ে প্রশ্ন তোলেন বাঘাই। তার অভিযোগ, সংস্থাটির প্রতিবেদন প্রায়ই পশ্চিমা সংবাদমাধ্যমে প্রকাশিত হয় এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ও ইউরোপীয় দেশের প্রভাবের কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একপেশে প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এতে পারমাণবিক বিষয়ে আন্তর্জাতিক কর্তৃপক্ষ হিসেবে আইএইএর বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে সংস্থাটির সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের সুযোগও সীমিত হয়ে পড়েছে বলে দাবি করেন বাঘাই।

পারমাণবিক জ্বালানি ব্যবহারের অধিকার ছাড়বে না ইরান

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগে বাধ্য করার কোনো পরিকল্পনা রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেন, শুরু থেকেই ওয়াশিংটনের ঘোষিত নীতি ইরানকে পারমাণবিক জ্বালানি ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত করা। তবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সদস্য হিসেবে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরান ছাড়বে না বলে জানান তিনি। তার মতে, এটি দেশটির মৌলিক সার্বভৌম অধিকার।

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান বন্ধের আহ্বান

ফিলিস্তিন পরিস্থিতি তুলে ধরে বাঘাই অভিযোগ করেন, শীতকালেও গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয়কর বলে মন্তব্য করে তিনি বলেন, পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙা, হামলা ও ব্যাপক গ্রেপ্তারের ঘটনা ঘটছে। ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম দেশগুলোকে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, ফিলিস্তিনের প্রশ্ন শুধু একটি ভূখণ্ডের বিষয় নয়, এটি সমগ্র মানবতার বিষয়।

ফ্রান্সের সাইবার অভিযোগ ভিত্তিহীন দাবি

ফ্রান্সের শীতাতপনিয়ন্ত্রণ বা কুলিং সিস্টেমে ইরানের হস্তক্ষেপের অভিযোগকে ‘অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন বাঘাই। তার অভিযোগ, প্রমাণ ছাড়াই ইউরোপের কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলছে। ফ্রান্সের সাইবার অভিযোগকে দেশটির প্রযুক্তিগত দুর্বলতা আড়াল করার চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

জার্মানির বিরুদ্ধে ইসরায়েলকে অস্ত্র দেওয়ার অভিযোগ

ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহে জার্মানির ভূমিকার সমালোচনা করে বাঘাই বলেন, জার্মানি অস্ত্র পাঠিয়ে ইসরায়েলের কর্মকাণ্ডে অংশীদার হচ্ছে। তার দাবি, এ ধরনের সহযোগিতার কারণে সংঘটিত অপরাধের দায় থেকে জার্মানি নিজেকে মুক্ত করতে পারবে না। এছাড়া ২০১৫ সালের ইরান পরমাণু সমঝোতা বা জেসিপিওএর অধীনে জার্মানি ও ফ্রান্সের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ করেন তিনি। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান মিলিয়ে দেশ দুটি নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের দায় এড়ানোর অভিযোগ

বাঘাই বলেন, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে এবং এর জন্য তাদের জবাবদিহি করতে হবে। তার অভিযোগ, নয় মাসের কম সময়ের মধ্যে দুই দফা কূটনৈতিক আলোচনাকে আড়াল হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগের জবাবদিহি ঠেকাতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধেও অবস্থান নিচ্ছে বলে দাবি করেন তিনি।

ইরাকের সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানে ইরান প্রস্তুত বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে মেটাতে তেহরান আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত