হজ ও ওমরাহ খাতে নারীর নেতৃত্ব নিয়ে মক্কায় বৈঠক

মক্কায় হজ ও ওমরাহ খাতে নারীদের নেতৃত্ব, অংশগ্রহণ ও উন্নয়ন নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের মক্কা চেম্বার অব কমার্স আয়োজিত এই বৈঠকে ধর্মীয় যাত্রীদের সেবার মান উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ এই খাতের অগ্রগতিতে নারীদের ভূমিকা তুলে ধরা হয়।

বৈঠকে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব এবং সেবা উন্নয়নে স্থানীয় দক্ষ জনশক্তির অবদান পর্যালোচনা করা হয়। কৌশলগত পরিকল্পনা, পরিচালন ব্যবস্থাপনা, মানসম্মত উদ্যোগ গ্রহণ এবং উদ্ভাবনী সমাধান বাস্তবায়নের মাধ্যমে হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়।

সৌদি আরবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভিশন ২০৩০-এর লক্ষ্য অনুযায়ী হজ ও ওমরাহ খাতের রূপান্তর ও বিকাশে নারীদের অবদান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানো, অর্থনৈতিক ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরি এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র সম্প্রসারণ করতে চায় মক্কা চেম্বার অব কমার্স।

বৈঠকের আয়োজকরা মনে করেন, দক্ষ ও প্রতিযোগিতামূলক জাতীয় জনশক্তি গড়ে তোলা এবং সেবার মান বাড়ানোর মাধ্যমে হজ ও ওমরাহ খাতকে আরও উন্নত করা সম্ভব। এতে ধর্মীয় যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত হওয়ার পাশাপাশি সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নেও এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।