নিউইয়র্ক টাইমসের সাক্ষাৎকার প্রত্যাখ্যান করলেন ইসমাইল বাঘাই

ইরানের বাঁধ নিয়ে ভিত্তিহীন দাবি প্রকাশের প্রতিবাদে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের সাক্ষাৎকারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। পত্রিকাটির অপেশাদার সাংবাদিকতার প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বাকায়ি বলেন, ইরানের বাঁধ নিয়ে ভিত্তিহীন দাবি প্রকাশের মাধ্যমে পত্রিকাটি কার্যত আগ্রাসনকারীদের বয়ান প্রচারের কাজে নিজেদের নিয়োজিত করেছে। এসব আগ্রাসনকারী ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধের সময় আন্তর্জাতিক মানবিক আইন এবং মৌলিক নৈতিক নীতির প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বাকায়ি বলেন, ইরানের বাঁধ নিয়ে নিউইয়র্ক টাইমসের ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রকাশের পর দেশটির কঠোর প্রতিক্রিয়া এবং ব্যাপক জনঅসন্তোষ তৈরি হয়। ওই প্রতিবেদনে ইরানের পানি অবকাঠামোর সঙ্গে সামরিক স্থাপনার সম্পর্ক রয়েছে—এমন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পত্রিকাটি তাঁকে সাক্ষাৎকার দেওয়ার আমন্ত্রণ জানায়। কিন্তু তিনি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।

সাক্ষাৎকার না দেওয়ার কারণ ব্যাখ্যা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পেশাদার সাংবাদিকতার মৌলিক নীতি রক্ষায় পত্রিকাটি মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই এমন অভিযোগ সামনে আনা হয়েছে, যা আগ্রাসনকারীদের বয়ানকে শক্তিশালী করছে। ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধে এসব পক্ষ আন্তর্জাতিক মানবিক আইন ও মৌলিক নৈতিকতার প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে।

বাকায়ির মতে, এ ধরনের প্রতিবেদন আগ্রাসনকারীদের মনস্তাত্ত্বিক যুদ্ধ ও গণমাধ্যম পরিচালিত প্রচারণার অংশ। এর মাধ্যমে জনমতকে প্রভাবিত করে আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অভিযোগ প্রকাশের পর পত্রিকাটির পরবর্তী প্রতিক্রিয়াও সন্তোষজনক ছিল না। দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরিবর্তে তারা শব্দের মারপ্যাঁচ ও কৌশলী ব্যাখ্যার মাধ্যমে মূল দাবি ন্যায্য প্রমাণের চেষ্টা করেছে।

বাকায়ি জোর দিয়ে বলেন, কোনো অভিযোগের ভাষা বা উপস্থাপন পরিবর্তন করলেই প্রমাণের অভাব পূরণ হয় না। একইভাবে, শুরুতে অভিযোগ প্রকাশের দায় থেকেও কোনো সংবাদমাধ্যম এভাবে মুক্তি পেতে পারে না।

তিনি বলেন, ‘যে সংবাদমাধ্যম নিজেই যুদ্ধের প্রচারযন্ত্রের অংশ হয়ে উঠেছে, তারা একই সঙ্গে নিরপেক্ষ বিচারকের ভূমিকা দাবি করতে পারে না এবং অন্যদের কাছে নিজেদের ক্ষতিগ্রস্ত বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের প্রত্যাশাও করতে পারে না।’