ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চীন কিংবা রাশিয়ার সহযোগিতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে কমে এসেছে এবং তেহরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে ওয়াশিংটন এমন একটি চুক্তি চায়, যা দীর্ঘস্থায়ী হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে যুক্তরাষ্ট্র পরাজিত করেছে। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় কমে বর্তমানে প্রায় ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে।
এ পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করতে বেইজিং বা মস্কোর কাছে সহায়তা চাওয়ার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘আমাদের কোনো সহায়তার প্রয়োজন নেই। আমরা তাদের নৌবাহিনীকে পরাজিত করেছি, বিমানবাহিনীকে পরাজিত করেছি, আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকেও পরাজিত করেছি।’
হরমুজ প্রণালি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।
একই সঙ্গে চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করছে এবং তারা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠায়নি বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ইরানের সঙ্গে যোগাযোগ চলছে, চান দীর্ঘস্থায়ী চুক্তি
ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, তেহরান চুক্তিতে পৌঁছাতে চায়। তবে যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তি করতে চায় না, যা অল্প সময়ের মধ্যে ভেঙে যাবে।
তিনি বলেন, ‘তারা চুক্তি করতে চায়, কিন্তু আমি এমন একটি চুক্তি চাই, যা দীর্ঘস্থায়ী হবে।’
ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি জানান, দুই পক্ষের মধ্যে কথা হয়েছে। একই সঙ্গে শিগগিরই যুদ্ধের অবসান ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প। তাঁর ভাষায়, ‘একভাবে হোক বা অন্যভাবে, আমরা শিগগিরই এর অবসান ঘটাব।’
এর আগে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে নিজের প্রশাসনের সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের দাবি, এই অবরোধের মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব হয়েছে।
চীন-রাশিয়ার ঘনিষ্ঠতার জন্য ওবামাকে দায়ী করলেন ট্রাম্প
সি চিন পিং ও পুতিনের সঙ্গে একই সময়ে বৈঠক করার সুবিধা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, দুই নেতার মধ্যে সম্পর্ক রয়েছে এবং তাঁরা একসঙ্গে কাজ করেন।
তবে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেন তিনি। ট্রাম্পের অভিযোগ, জ্বালানি খাতের কারণে ওবামার নীতিই দুই দেশকে আরও কাছাকাছি এনেছে।
তিনি বলেন, চীনের জ্বালানির প্রয়োজন রয়েছে, আর রাশিয়ার কাছে জ্বালানি আছে। এ পরিস্থিতি থেকেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প।
রাসায়নিক ও জীবাণু অস্ত্র নিয়ে নতুন অভিযোগ
ওয়াশিংটন ডিসিতে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প দাবি করেন, ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্রের বিষয়টিও বিবেচনা করছে।
তাঁর ভাষায়, ‘ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইরান গ্যাস ও জীবাণু অস্ত্র নিয়ে ভাবছে।’ তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
এমন কোনো হামলা ঘটলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিশোধ নেবে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।
যুদ্ধের প্রেক্ষাপট
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি থাকা কয়েকটি দেশে পাল্টা হামলা চালায়।
জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জুলাই থেকে বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও হয়েছে।
দীর্ঘস্থায়ী এই সংঘাতের প্রভাবে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে।
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ
খ্রিষ্টানকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর ধর্ম হতে যাচ্ছে ইসলাম, বলছে মার্কিন গবেষণা
ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় চীন পাশে রয়েছে:বেইজিং
ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে: ট্রাম্প