ইরান ও ইরানপন্থী গোষ্ঠীগুলোর দাবি করা ১১৫টিরও বেশি হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও মার্কিন সরঞ্জাম থাকা অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত আগস্ট পর্যন্ত এসব হামলার তথ্য পাওয়া গেছে। ৩১ অক্টোবর প্রকাশিত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণের বরাতে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে এপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে দুই ডজনের বেশি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার মূল লক্ষ্য ছিল আগাম সতর্কীকরণ ব্যবস্থা। এরপর হামলার লক্ষ্যবস্তু করা হয় বিমান ও বিভিন্ন ভবন।
বিশ্লেষণে দেখা গেছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা হয়েছে। এতে ঘাঁটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার, বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি ১০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের কয়েক শ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।