হরমুজের নিষিদ্ধ এলাকায় প্রবেশ, নৌমাইনের আঘাতে ট্যাংকারে আগুন

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

নৌ চলাচলের নিয়ম লঙ্ঘনের পর হরমুজ প্রণালির পূর্ব অংশে আরেকটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, হরমুজ প্রণালির পূর্ব অংশে নৌমাইনে আঘাত লাগার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

বিবৃতিতে বলা হয়, নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি তার নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দেয়। এরপর হরমুজ প্রণালির পূর্ব দিকে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে নৌমাইনে আঘাত লাগে এবং এতে আগুন ধরে যায়।

ইরানের নৌবাহিনী আরও জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে দেশটির সশস্ত্র বাহিনীর ঘোষিত নিয়ম মেনে চলতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, অনুমোদিত সামুদ্রিক পথ ব্যবহার এবং জাহাজের অবস্থান শনাক্ত ও নেভিগেশন ব্যবস্থা সচল রাখা বাধ্যতামূলক।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এসব শর্ত পূরণ না করলে জাহাজগুলো নৌমাইনে আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঝুঁকিতে পড়বে।

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন