ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির দাবি, সর্বোচ্চ নেতা মোজতবা হোসেইনি খামেনির নির্দেশ পেলে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা সামরিক অভিযান চালানোর সক্ষমতা রয়েছে ইরানের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এমন পর্যায়ে রয়েছে যে নির্দেশ পেলে দেশের বাইরে যেকোনো জায়গায় অভিযান চালানো সম্ভব।
তিনি জানান, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারে সীমিত রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে বর্তমান সর্বোচ্চ নেতা নির্দেশ দিলে ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটিগুলোও হামলার আওতায় আসতে পারে। মোহেবির দাবি, ইরান এর আগে ৪ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখিয়েছে, যার আওতায় দিয়েগো গার্সিয়া দ্বীপও রয়েছে।
সিএনএনের ডার্টি বোমা ব্যবহারের দাবি উড়িয়ে দিয়ে আইআরজিসির এই মুখপাত্র বলেন, এসব অভিযোগ শত্রুপক্ষ ও ইসরায়েলি সরকারের সাজানো প্রচারণা। ইরান কোনো পদক্ষেপ নিলে তা প্রকাশ্যেই জানাবে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র ইরানের বাঁধে হামলা চালালে একই ধরনের পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মোহেবি। তাঁর বক্তব্য, বিশ্বের যেকোনো দেশের সামরিক ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সেই দেশও ইরানের লক্ষ্যবস্তু হবে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি