রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে কোনো অস্ত্র থাকবে না: আল-জাইদির হুঁশিয়ারি

ইরাকের জুরফ আল-নাসর এলাকা থেকে দেশজুড়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আলী ফালেহ আল-জাইদি। শুক্রবার  (২০ নভেম্বর)  ওই এলাকায় দায়িত্ব পালনরত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট ও সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি সংযম, বিচক্ষণতা এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

আল-জাইদি বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো সংঘাতের পথে এগোনোর প্রয়োজন নেই। যারা সেখানে রয়েছেন, তারা সবাই দেশের নাগরিক, একে অপরের ভাই। কাউকে শত্রু হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং বিভাজনের পরিবর্তে সবাইকে অন্তর্ভুক্ত করে এক পতাকা, এক নেতৃত্ব ও এক আইনের অধীনে সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে কোনো অস্ত্র থাকবে না। ইরাকের অস্ত্র, সিদ্ধান্ত ও জাতীয় পতাকার ওপর অন্য কারও কর্তৃত্ব গ্রহণযোগ্য নয়। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় এই অবস্থান থেকে সরে আসবে না সরকার।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ইরাকের জনগণের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সম্পদ রক্ষা, দুর্নীতি ও বিদ্রোহের অবসান ঘটাতে জনগণ রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে এবং সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়েছে।

জুরফ আল-নাসর থেকেই ইরাকজুড়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্রের অবসান ঘটানোর উদ্যোগ শুরু হচ্ছে বলে ঘোষণা দেন আল-জাইদি। তাঁর বক্তব্য অনুযায়ী, সংবিধান ও আইনের অধীনে পরিচালিত ঐক্যবদ্ধ, শক্তিশালী ও ন্যায়ভিত্তিক ইরাক গড়াই এই উদ্যোগের লক্ষ্য।

সূত্র: ইরাকি নিউজ এজেন্সি