রেয়ন সংকটে প্যাট্রিয়ট উৎপাদন বাড়াতে হিমশিম পেন্টাগন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিশেষ ধরনের রেয়ন কাপড়ের সংকট। এই গুরুত্বপূর্ণ উপাদানের সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে। মঙ্গলবার  (১৭ নভেম্বর)  ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

লকহিড মার্টিনের তৈরি সর্বাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণ পিএসি-৩ এমএসই উৎপাদনে প্রায় দুই বছর সময় লাগে। প্রতিটি ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রয়োজন হয় শত শত যন্ত্রাংশ। এর মধ্যে ব্যবহৃত রেয়ন সাধারণ পোশাক তৈরির কাপড় নয়; বরং উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষম বিশেষ প্রক্রিয়ায় তৈরি কার্বনযুক্ত কাপড়। ক্ষেপণাস্ত্রের রকেট মোটরের গুরুত্বপূর্ণ অংশকে প্রচণ্ড উত্তপ্ত নির্গত গ্যাস থেকে সুরক্ষা দিতে এটি ব্যবহৃত হয়।

বর্তমানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিশেষ রেয়নের একমাত্র অনুমোদিত সরবরাহকারী যুক্তরাষ্ট্রের পার্ক অ্যারোস্পেস। এই রেয়নের সুতা তৈরি হয় চেক প্রজাতন্ত্রের একটি কারখানায়। পরে তা ফ্রান্সে পাঠানো হয়। সেখানে অ্যারিয়েনগ্রুপ বিশেষ প্রক্রিয়ায় সুতা কার্বনযুক্ত কাপড়ে রূপান্তর করে।

এরপর পার্ক অ্যারোস্পেস কাপড়টিতে বিশেষ রেজিনের আবরণ দিয়ে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা এলথ্যারিসের কাছে পাঠায়। প্রতিষ্ঠানটি ওই উপাদান কঠিন জ্বালানিচালিত রকেট মোটরের অগ্রভাগের ভেতরে স্থাপন করে। সেখান থেকে যন্ত্রাংশ পৌঁছায় লকহিড মার্টিনের ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায়।

পার্ক অ্যারোস্পেসের প্রধান নির্বাহী ব্রায়ান শোর জানান, এই উপাদান তৈরিতে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়। বছরের পর বছর কাজ এগিয়ে নেওয়ার পরও শেষ ধাপের পরীক্ষায় ব্যর্থ হলে আবার শুরু থেকে কাজ করতে হতে পারে।

ক্ষেপণাস্ত্রের মজুত পুনর্গঠনে চাপ

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো এবং কমে যাওয়া মার্কিন অস্ত্রের মজুত পুনর্গঠনে চলতি বছরের শুরুতে পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পার্ক অ্যারোস্পেসের কাছে রেয়নের সরবরাহ বাড়ানোর অনুরোধ জানান। তবে প্রতিষ্ঠানটি বিষয়টি তাদের ফরাসি সরবরাহকারী অ্যারিয়েনগ্রুপের কাছে তুলে ধরে। তারা জানায়, রেয়ন উৎপাদনের সক্ষমতা সীমিত।

সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে ২০৩০ সালের শেষ নাগাদ পিএসি-৩ এমএসই ক্ষেপণাস্ত্র উৎপাদন তিন গুণের বেশি বাড়ানোর লক্ষ্য নিয়েছে পেন্টাগন। এ জন্য লকহিড মার্টিন ও এলথ্যারিসের সঙ্গে বহুবছর মেয়াদি চুক্তি করা হয়েছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবং সাম্প্রতিক ইরান সংঘাতের কারণে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় পূরণের তাগিদ বেড়েছে।

বিকল্প সরবরাহের চেষ্টা

রেয়ন সংকট কাটাতে পার্ক অ্যারোস্পেস ফ্রান্সে অ্যারিয়েনগ্রুপের নতুন উৎপাদন লাইন স্থাপনে পাঁচ মিলিয়ন ডলার অগ্রিম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ২০২৮ সালে এই লাইন থেকে উৎপাদন শুরুর কথা থাকলেও যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণে তা যথেষ্ট হবে না।

দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রে নতুন কারখানা নির্মাণের প্রাথমিক চুক্তিও করেছে অ্যারিয়েনগ্রুপ। এ প্রকল্পে পার্ক অ্যারোস্পেস আরও ২৫ মিলিয়ন ডলার অগ্রিম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কারখানাটি ২০৩০ সালের দিকে চালু হতে পারে। তবে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে চায় না যুক্তরাষ্ট্র।

এদিকে জার্মান রেয়ন উৎপাদনকারী প্রতিষ্ঠান এনকারও সংকটের মধ্যে রয়েছে। মহামারির পর পোশাকশিল্পে চাহিদা কমে যাওয়ায় তাদের কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এনকারের রেয়ন এখনো পিএসি-৩ এমএসই ক্ষেপণাস্ত্রে ব্যবহারের অনুমোদন পায়নি, তবু উৎপাদন ধরে রাখতে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ও পেন্টাগন দুই বছরে ৪ লাখ ৭০ হাজার পাউন্ডের বেশি উপাদান কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এতে আপাতত কারখানা বন্ধের পরিকল্পনা পিছিয়েছে। তবে ২০২৮ সালে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রে পরিবেশসম্মত ও মহাকাশ প্রযুক্তিতে ব্যবহারের উপযোগী রেয়ন উৎপাদনের উদ্যোগও চলছে, যদিও তা এখনো প্রাথমিক পর্যায়ে। পার্ক অ্যারোস্পেস ওকলাহোমায় ৬৫ মিলিয়ন ডলারের নতুন কারখানা নির্মাণের পরিকল্পনা করছে। পাশাপাশি এলথ্যারিসের সঙ্গে এনকারসহ অন্যান্য উৎসের রেয়ন পরীক্ষা করছে, যাতে অ্যারিয়েনগ্রুপের মার্কিন কারখানা চালু হওয়ার আগ পর্যন্ত বিকল্প সরবরাহ পাওয়া যায়।

তবে বিকল্প উৎস দিয়ে সাময়িক ঘাটতি মেটানোর চেষ্টা চললেও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর পথ যে সহজ হবে না, তা স্পষ্ট।

সূত্র: দ্য জেরুসালেম পোস্ট 

এটিটিআর
আরও পড়ুন
সর্বশেষপঠিত