আঞ্চলিক উত্তেজনা ও নতুন করে সামরিক হামলার আশঙ্কার মধ্যে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির তেহরানের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইরানের ওপর নতুন করে হামলা হলে তার জবাব দিতে সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। প্রয়োজনে প্রতিক্রিয়া ভৌগোলিক সীমারেখার মধ্যেও সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) তেহরানে জুমার খুতবায় হাজ আলী আকবারি দাবি করেন, দক্ষিণ ইরানে সাম্প্রতিক সামরিক অভিযান এবং কেশম ও সিরিক এলাকায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশে হামলা চালিয়েও প্রতিপক্ষ তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। ইরানি বাহিনী কয়েকটি শত্রু ড্রোন ভূপাতিত করেছে অথবা বাধ্য করে অবতরণ করিয়েছে বলেও দাবি করেন তিনি।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে সামরিক কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। পাশাপাশি গোলাবারুদের মজুত কমে আসা এবং সামরিক সদস্যদের ওপর চাপ বাড়ছে বলেও দাবি করেন তিনি। হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন এই ধর্মীয় নেতা।
হাজ আলী আকবারি জানান, সম্ভাব্য পরিস্থিতির মধ্যে সীমিত সামরিক হামলা, দেশের ভেতরে সশস্ত্র অস্থিরতা সৃষ্টির চেষ্টা এবং পরবর্তী সময়ে বড় ধরনের সামরিক অভিযান-সবকিছু বিবেচনায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচনের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রে প্রস্তুত রয়েছে এবং নির্ধারিত সময়ে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পদক্ষেপ নেওয়ার নির্দেশনা রয়েছে। নতুন করে সামরিক অভিযান চালানো হলে ইরানের বাহিনী পাল্টা জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি।
জ্বালানি সাশ্রয় ও অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে আহ্বান
খুতবার আরেক অংশে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয় ও দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেন হাজ আলী আকবারি। তিনি জনগণকে গ্যাস, বিদ্যুৎ, পেট্রোল ও রুটি ব্যবহারে অপচয় কমানোর আহ্বান জানান। তেহরানে গ্যাসের ব্যবহার কমানো গেলে জ্বালানি সংকটে থাকা অন্যান্য প্রদেশে সরবরাহ বাড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন।
এ ছাড়া অর্থনৈতিক কার্যক্রম সমন্বয়ে নতুন টাস্কফোর্স গঠনকে স্বাগত জানিয়ে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, সুস্পষ্ট কর্মপরিকল্পনা এবং অর্থনৈতিক সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করার আহ্বান জানান তিনি। সরকারি সেবা দ্রুত করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং দুর্নীতি, অতিরিক্ত মূল্য আদায় ও সরকারি সম্পদের অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।