হুদায়দা বন্দরে হামলা হলে সৌদি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে পাল্টা আঘাতের হুমকি ইয়েমেনের

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

ইয়েমেনের কৌশলগত হুদায়দা বন্দরে সৌদি আরব সম্ভাব্য কোনো হামলা চালালে দেশটির লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

শুক্রবার এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘সৌদি আরবের এসব বন্দরের সব কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং আশপাশে অবস্থানরত ব্যক্তিদের অবিলম্বে সেখান থেকে সরে যেতে এবং দূরে থাকতে সতর্ক করছি। একই সঙ্গে সব নৌপরিবহন কোম্পানিকে তাদের জাহাজগুলো দ্রুত এসব বন্দর থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর মধ্যে রয়েছে জেদ্দা, ইয়ানবু ও জিজান।

ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুদায়দা বন্দরে হামলার হুমকি এবং ওই এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এ বিবৃতি দিল দেশটির সশস্ত্র বাহিনী। সৌদি নেতৃত্বাধীন জোট বন্দরটিতে হামলার হুমকি দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি বিদ্যুৎকেন্দ্র ও রিয়াদের আর্থিক কেন্দ্রও লক্ষ্যবস্তু

সৌদি আরব ইয়েমেনের দুটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর পর পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরবের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র এবং রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্রের কর্মী ও শ্রমিকদেরও সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।

ইয়েমেনের সা’দা ও আল-মুখা বিদ্যুৎকেন্দ্রে সৌদি হামলার পর আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র এবং রিয়াদের আর্থিক কেন্দ্রকে পাল্টা অভিযানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে ইয়েমেনের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হতে পারে।

এর আগে বৃহস্পতিবার ইয়েমেনি বাহিনী সৌদি রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্র লক্ষ্য করে দুই দফা হামলা চালায়। প্রথমটি ভোরে এবং দ্বিতীয়টি সন্ধ্যায় হয়।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবনটি আঘাতপ্রাপ্ত হয়েছে। ভবনটিতে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কার্যালয় অবস্থিত।

গত জুলাইয়ে সৌদি আরব সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলা চালানোর পর সংঘাতের সর্বশেষ উত্তেজনা শুরু হয়। এর জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি গ্রহণ করে এবং লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা ঘোষণা করে।

গত কয়েক মাসে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি জাহাজের বিরুদ্ধে সফল নৌ-অভিযান চালানোর দাবি করেছে। তাদের দাবি, এসব অভিযানের মাধ্যমে অবরোধ কার্যকর করার পাশাপাশি রিয়াদের জ্বালানি রপ্তানিতেও প্রভাব ফেলা হয়েছে।

ইয়েমেনি বাহিনী সৌদি ভূখণ্ডের গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলাও চালিয়েছে। সেপ্টেম্বরে দেশটির উপকূলীয় সমভূমি এলাকায় দ্রুত অগ্রসর হয়ে কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গত মাসে ইয়েমেনের পক্ষ থেকে বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করার সতর্কবার্তা দেওয়া হয়। সে সময় বলা হয়েছিল, শুধু ইসলাম ধর্মের পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপরের আকাশসীমাই নিরাপদ।

সৌদি আরব ও ইয়েমেনের সংঘাতের সূত্রপাত ২০১৫ সালের মার্চে। ওই সময় সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি জোট সানায় নিজেদের অনুকূল সরকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ব্যাপক সামরিক অভিযান ও অবরোধ শুরু করে।

বছরের পর বছর বোমাবর্ষণ এবং উন্নত পশ্চিমা অস্ত্রশস্ত্র ব্যবহারের পরও সৌদি নেতৃত্বাধীন জোট ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত