জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসাইবেহর প্রার্থিতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরোধিতা। সুদানের সংঘাতে নৃশংসতার সঙ্গে আমিরাতের সংশ্লিষ্টতার অভিযোগকে কেন্দ্র করে দেশ দুটি তাঁর প্রার্থিতার বিরোধিতা করছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নবম দফার অনানুষ্ঠানিক ভোটেও কোনো প্রার্থী চূড়ান্ত সমর্থন আদায় করতে পারেননি। ফলে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচন নিয়ে অচলাবস্থা অব্যাহত রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হবে। আগামী সপ্তাহে আবারও ভোট হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ ভোটে কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান ১০টি সমর্থনসূচক ভোট পেয়েছেন। তবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে দুটি দেশ তাঁর প্রার্থিতার বিরোধিতা করেছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, দেশ দুটি যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কারও বিরোধিতা না থাকলেই কেবল কোনো প্রার্থীর মহাসচিব হওয়ার পথ সুগম হয়। বাধা কাটিয়ে উঠতে পারলে গ্রিনস্প্যান হবেন জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী মহাসচিব।
সর্বশেষ ভোটে দ্বিতীয় অবস্থানে ছিলেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। তিনি আটটি সমর্থনসূচক ভোট পেলেও স্থায়ী সদস্যদের কাছ থেকে তিনটি বিরোধিতার ভোট পেয়েছেন।
অন্যদিকে, শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হওয়া আমিরাতের কূটনীতিক লানা নুসাইবেহ পেয়েছেন সাতটি সমর্থনসূচক ভোট। তবে স্থায়ী সদস্যদের মধ্যে তিনটি দেশ তাঁর প্রার্থিতার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রকাশ্য সমর্থন এবং একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন তাঁর বিপক্ষে অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে মহাসচিব নির্বাচিত হওয়ার পথে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।
সুদানের সংঘাত নিয়ে বিতর্ক
সুদানের চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে বিতর্কের জেরে নুসাইবেহর প্রার্থিতা সমালোচনার মুখে পড়েছে। যুক্তরাজ্যের প্রায় ৭০ জন সংসদ সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে চিঠি লিখে নুসাইবেহকে বিশ্বাসযোগ্য প্রার্থী নন বলে উল্লেখ করেছেন।
তাঁদের অভিযোগ, সুদানে নৃশংসতার ঘটনায় আমিরাতের সংশ্লিষ্টতা নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদনগুলো তিনি বারবার অস্বীকার ও খাটো করে দেখিয়েছেন।
জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল ও বিভিন্ন মানবাধিকার সংস্থার একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) জন্য ভাড়াটে যোদ্ধা নিয়োগ এবং অস্ত্র সরবরাহে আমিরাতের ভূমিকা রয়েছে। দারফুরে গণহত্যা সংঘটনের জন্য জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র আরএসএফকে দায়ী করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে আমিরাত।
জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার বাধ্যবাধকতার কথা বিবেচনায় নিয়ে আমিরাত সরকারের মন্ত্রীর পদ থেকে সাময়িক ছুটি নিয়েছেন নুসাইবেহ। তিনি বলেছেন, ‘সুদানের ভয়াবহ সংঘাতই হবে নতুন মহাসচিবের সাফল্যের মাপকাঠি।’
চীনের আপত্তির পেছনে আঞ্চলিক প্রতিনিধিত্বের প্রশ্ন
নুসাইবেহর প্রার্থিতার বিরোধিতায় চীনের অবস্থানের পেছনে রয়েছে জাতিসংঘের মহাসচিব পদে ভৌগোলিক পালাক্রমে প্রতিনিধিত্বের একটি অলিখিত রীতি। এ রীতি অনুযায়ী, বিশ্বের বিভিন্ন অঞ্চল পর্যায়ক্রমে এ পদে প্রতিনিধিত্বের সুযোগ পায়।
অতীতে এ রীতি উপেক্ষিত হলেও এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের কোনো প্রার্থীর মহাসচিব হওয়ার সুযোগ পাওয়া উচিত বলে মনে করছে বেইজিং।
কীভাবে নির্বাচিত হন জাতিসংঘের মহাসচিব?
জাতিসংঘের মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করে নিরাপত্তা পরিষদ। এ ক্ষেত্রে পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে কোনো প্রার্থীকে অন্তত ৯টি সমর্থনসূচক ভোট পেতে হয়। তবে পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটি দেশ বিরোধিতা করলে তাঁর নির্বাচিত হওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যায়।
অনানুষ্ঠানিক ভোটের সময় অস্থায়ী সদস্যরা সাদা ব্যালট এবং স্থায়ী সদস্যরা লাল ব্যালট ব্যবহার করেন। ভোটের বিস্তারিত ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। তবে বিভিন্ন কূটনৈতিক সূত্র ও অনানুষ্ঠানিক মাধ্যমে ভোটের হিসাব প্রকাশিত হয়।
সূত্র: দ্য গার্ডিয়ান