জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীকে ঠেকাতে যুক্তরাজ্যকে ৬৬ এমপির আহ্বান

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

যুক্তরাজ্যের পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের ৬৬ জন সদস্য জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কূটনীতিক লানা নুসেইবেহর প্রার্থিতা ঠেকাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাজ্যের ভেটো ক্ষমতা ব্যবহারের দাবি জানিয়েছেন তাঁরা।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে লেখা এক চিঠিতে লিবারেল ডেমোক্র্যাট দলের এমপি মনিকা হার্ডিং বলেছেন, লানা নুসেইবেহ এই পদের জন্য ‘বিশ্বাসযোগ্য প্রার্থী নন’। সুদানের যুদ্ধ নিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনকে তিনি বারবার অস্বীকার ও খারিজ করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মিডল ইস্ট আইয়ের মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সুদানবিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের সাম্প্রতিক একটি গোপন ত্রৈমাসিক প্রতিবেদন মিডল ইস্ট আইয়ের হাতে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হয়ে লড়াই করার জন্য কলম্বীয় ভাড়াটে যোদ্ধা নিয়োগ করেছিল সংযুক্ত আরব আমিরাত।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দারফুরে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত আরএসএফের কাছে লিবিয়া, চাদ, ইথিওপিয়া এবং সোমালিয়ার বিচ্ছিন্নতাকামী অঞ্চল পুন্টল্যান্ড ও সোমালিল্যান্ড হয়ে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগও রয়েছে আমিরাতের বিরুদ্ধে। তবে আবুধাবি এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

ফিলিস্তিনি বংশোদ্ভূত আমিরাতি কূটনীতিক লানা নুসেইবেহ জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি হওয়ার দৌড়ে থাকা আট প্রার্থীর একজন। গুতেরেসের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে।

মিডল ইস্ট আই জানিয়েছে, নিরাপত্তা পরিষদের পরবর্তী অনানুষ্ঠানিক ভোট বা ‘স্ট্র পোল’ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা। এ ভোটে সদস্যদেশগুলো কোনো প্রার্থীকে উৎসাহিত করছে, নিরুৎসাহিত করছে, নাকি তাঁর বিষয়ে কোনো মতামত নেই—তা গোপন ব্যালটের মাধ্যমে জানায়।

কূটনৈতিক ও মানবিক সহায়তাসংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়ার সমর্থন এখন নুসেইবেহর পক্ষে রয়েছে। মহাসচিব পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই পাঁচ দেশের প্রত্যেকের ভেটো ক্ষমতা রয়েছে।

সুদান, ইয়েমেন ও লিবিয়ার সংঘাতে আমিরাতের ভূমিকা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে আবুধাবির অবস্থানের কারণে নুসেইবেহর প্রার্থিতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল সুদানের আরএসএফকে আমিরাতের অস্ত্র সরবরাহের অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য তথ্য থাকার কথা জানানোর কয়েক মাস পর নুসেইবেহ ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে নিজের নামে একটি চিঠি লেখেন। সেখানে তিনি অভিযোগটি অস্বীকার করে বলেন, আমিরাত কোনো অস্ত্র সরবরাহ করেনি।

এর প্রায় এক বছর পর ইউরোপীয় পার্লামেন্টের সূত্রগুলো জানায়, নুসেইবেহ স্ট্রাসবুর্গে গিয়ে সুদানের যুদ্ধ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রস্তাব থেকে ‘সংযুক্ত আরব আমিরাত’ শব্দগুলো বাদ দেওয়ার জন্য তদবির করেছিলেন।

সুদানের সরকারের উপদেষ্টা আমগাদ ফারিদ এলতায়েব মিডল ইস্ট আইকে বলেন, ‘লেডি ম্যাকবেথ ভেবেছিলেন, সামান্য পানি দিয়েই এসব কাজের দাগ মুছে ফেলা যায়। আবুধাবিও এখন মনে করছে, জাতিসংঘের নীল পতাকা দিয়ে একই কাজ করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘লানা নুসেইবেহ আরএসএফকে আমিরাতের সহায়তা নিয়ে জাতিসংঘের অনুসন্ধানকে চ্যালেঞ্জ করেছেন। এখন তাঁর সরকার তাঁকেই সেই প্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে চায়, যার অনুসন্ধান তিনি প্রত্যাখ্যান করেছেন। যে সরকার তাঁর প্রচারণায় অর্থায়ন করছে, সেই সরকারের প্রভাব থেকে তিনি স্বাধীন থাকবেন—এ প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য?’

সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসেইবেহ বলেছেন, সুদানের যুদ্ধের অবসান ঘটানো হবে তাঁর সবচেয়ে জরুরি অগ্রাধিকার। ২০২৩ সালের এপ্রিলে আরএসএফ ও সুদানের সশস্ত্র বাহিনীর মধ্যে এই যুদ্ধ শুরু হয়।

আন্তর্জাতিক মানবিক আইন কীভাবে সমুন্নত রাখবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কেউ নেই, যার কোনো না কোনো জায়গা থেকে আসা হয়নি।’

ব্রিটিশ এমপি মনিকা হার্ডিংয়ের চিঠিতে বলা হয়েছে, কয়েক দশকের মধ্যে বিশ্ব যখন সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তখন বহুপক্ষীয় সহযোগিতার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি।

এমন সময়ে আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহর প্রার্থিতা উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি। চিঠিতে হার্ডিং লিখেছেন, ‘মিস নুসেইবেহ বিশ্বাসযোগ্য প্রার্থী নন।’

চিঠিতে লিবারেল ডেমোক্র্যাট, গ্রিন পার্টি, কনজারভেটিভ, স্কটিশ ন্যাশনাল পার্টি, ইয়োর পার্টি এবং ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্যরা স্বাক্ষর করেছেন।

এতে বলা হয়েছে, ‘সুদানের যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের জন্ম দিয়েছে। সুদানবিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল আরএসএফকে আমিরাতের অস্ত্র সরবরাহের অভিযোগকে “বিশ্বাসযোগ্য” বলে উল্লেখ করেছে। কিন্তু মিস নুসেইবেহ সেই অনুসন্ধানকে খারিজ করেছেন।’

চিঠিতে আরও বলা হয়েছে, আরএসএফের প্রতি আমিরাতের সমর্থনের বিষয়ে অসংখ্য বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে। আরএসএফের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার বৈশিষ্ট্যসম্পন্ন কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও নুসেইবেহ বারবার এসব অভিযোগ অস্বীকার ও প্রত্যাখ্যান করেছেন।

চিঠির শেষাংশে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাজ্যের উচিত নুসেইবেহর প্রার্থিতা ঠেকাতে ভেটো ক্ষমতা প্রয়োগ করা। একই সঙ্গে এমন একজন প্রার্থীকে দায়িত্ব দেওয়ার সুযোগ তৈরি করা, যিনি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটির সমাধানে শান্তি প্রতিষ্ঠা এবং জাতিসংঘের মূল্যবোধ রক্ষায় বেশি সক্ষম।

মিডল ইস্ট আইকে ব্রিটিশ সরকারের অবস্থান সম্পর্কে অবগত কয়েকটি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য নুসেইবেহর প্রার্থিতাকে সমর্থন করছে এবং তাঁর বিরুদ্ধে ভেটো প্রয়োগ করবে না।

সাবেক এক ব্রিটিশ কূটনীতিক সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইংল্যান্ডে শিক্ষিত নুসেইবেহকে অত্যন্ত উচ্চপর্যায়ের কূটনীতিক হিসেবে বিবেচনা করা হয়। ২০২০ সালে আমিরাত ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

ওই কূটনীতিকের ভাষায়, ‘তিনি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, অত্যন্ত সাবলীল বক্তা এবং দ্রুত চিন্তা করতে পারেন। আমার দেখা সেরা কূটনীতিকদের একজন তিনি। তিনি দৃঢ় অবস্থান নিতে পারেন এবং আমিরাতের পররাষ্ট্রনীতির অবস্থান—যেখানে দেশটি নিজের স্বার্থে দৃঢ় ভূমিকা রাখার অধিকার দাবি করে—তা ভালোভাবে তুলে ধরতে পারেন।’

যুক্তরাজ্যে আমিরাতের বিপুল বিনিয়োগ রয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের মালিকানায় রয়েছে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব। ম্যানচেস্টার শহরের সম্পত্তিতেও আমিরাতের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর অবশ্য ব্যক্তিগত প্রার্থীদের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হয়নি। ৬ নভেম্বর মিডল ইস্ট আইকে দেওয়া এক বিবৃতিতে দপ্তরের মুখপাত্র বলেন, ‘জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবচেয়ে উপযুক্ত প্রার্থী খুঁজে বের করাই যুক্তরাজ্যের অগ্রাধিকার।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য তাঁদের যোগ্যতার ওপরই যুক্তরাজ্যের মনোযোগ রয়েছে।’

সূত্র: মিডল ইস্ট আই

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন