ইরানে সর্বাত্মক যুদ্ধ আবার শুরু হওয়া ‘অনিবার্য’: বিশ্লেষক

ইরানে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়া ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন এক মার্কিন নিরাপত্তা বিশ্লেষক। আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড দেস রোচেস বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরান কার্যত ‘শ্বাসরুদ্ধ’ অবস্থায় পড়েছে। এ পরিস্থিতিতে সামনে এগোনোর পথ হিসেবে তেহরান আবারও পূর্ণমাত্রার সংঘাতে জড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

ডেভিড দেস রোচেস থেয়ার মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের অফিস অব দ্য সেক্রেটারি অব ডিফেন্সে আরব উপদ্বীপবিষয়ক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দেস রোচেসের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করতে পারেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা পুরোপুরি নষ্ট হচ্ছে না। নিরপেক্ষ দেশের বেসামরিক জাহাজে ইরানের হামলা এবং উপকূলভিত্তিক রাডার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা চললেও ইসরায়েল, মার্কিন ঘাঁটি কিংবা কাতারের মতো মার্কিন অংশীদারদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা ইরানের থেকে যেতে পারে।

তিনি বলেন, ‘ট্রাম্প হয়তো সিদ্ধান্ত নিতে পারেন, নিরপেক্ষ দেশের বেসামরিক জাহাজে ইরানের হামলা এবং উপকূলভিত্তিক রাডার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা চলতে থাকলেও ইরানের হাতে ইসরায়েল, মার্কিন ঘাঁটি কিংবা কাতারের মতো মার্কিন অংশীদারদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়ে গেছে।’

দেস রোচেসের মতে, এ পরিস্থিতিতে সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা ইসরায়েল। দেশটির সরকার কেমন হবে এবং ইরান প্রশ্নে তাদের পরবর্তী অবস্থান কী দাঁড়াবে, তা এখনো স্পষ্ট নয়।

তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলে ইরানের শাসনব্যবস্থার অবসান ঘটানোর পক্ষে আরও কঠোর অবস্থানের বিষয়ে সাধারণ ঐকমত্য রয়েছে। ফলে সংঘাত আবার শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

দেস রোচেসের ভাষায়, ‘সব মিলিয়ে, এক পক্ষ বা অন্য পক্ষ আবারও সংঘাতে ফিরে যাবে।’