ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধে ডেমোক্র্যাট এমপিদের আহ্বান

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট দলের দুই প্রতিনিধি ইয়াসামিন আনসারি ও রো খান্না। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সরকারি ব্যয় অনুমোদনের সময়সীমা ঘনিয়ে আসায় তাঁরা এ আহ্বান জানিয়েছেন। ওই সময়ের মধ্যে ব্যয় অনুমোদন না হলে সরকারের কার্যক্রমে অচলাবস্থা বা শাটডাউন দেখা দিতে পারে।

যৌথ ভিডিও বার্তায় আনসারি বলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৩ জন সেনাসদস্য এবং মধ্যপ্রাচ্যজুড়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। একই সঙ্গে জ্বালানি তেলের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে।

রো খান্না বলেন, ‘আমাদের এই যুদ্ধের অবসান ঘটাতে হবে।’

তিনি আরও বলেন, ‘কংগ্রেস ভিয়েতনামে আক্রমণাত্মক সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করার মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটিয়েছিল। ইরানের ক্ষেত্রেও আমাদের আক্রমণাত্মক সামরিক কর্মকাণ্ডে অর্থ দেওয়া বন্ধ করতে হবে।’

১১ ডিসেম্বরের সময়সীমার আগেই কংগ্রেসকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দুই আইনপ্রণেতা। তাঁদের মতে, যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে সেই অর্থ দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক খাতে ব্যয় করা উচিত।

তাঁরা বলেন, ‘এই যুদ্ধে আর মার্কিন করদাতাদের অর্থ ব্যয় করা উচিত নয়।’

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত